আরও সময় পেলেন খালেদা, আত্মপক্ষ সমর্থন ২৩ জুন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজির হয়ে সময়ের আবেদন করায় জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় তার আত্মপক্ষ সমর্থন পিছিয়ে গেছে।
এছাড়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় নতুন সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও জেরায় নিজে উপস্থিত না থেকে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার অনুমতি পেয়েছেন তিনি।
ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার বৃহস্পতিবার এই আদেশ দেন। খালেদার আত্মপক্ষ সমর্থন মুলতবি করে ২৩ জুন পরবর্তী তারিখ ঠিক করে দিয়েছেন তিনি।
এর আগে পাঁচটি ধার্য দিনে উপস্থিত না থাকায় বিচারক বলেছিলেন, আসামি খালেদা জিয়াকে বৃহস্পতিবারও আদালতে দেখা না গেলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা সে অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেডে মাঠে তৃতীয় বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে হাজির হন।দুই আবেদন মঞ্জুর হওয়ার পর বেলা ১২টার দিকে তিনি আদালত থেকে বেরিয়ে যান।
পরে এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় নতুন সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও জেরা শুরু হয় একই আদালতে।
জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে ইতোমধ্যে আপিল বিভাগে আবেদন করার কথা জজ আদালতে জানিয়ে এ মামলায় খালেদার আত্মপক্ষ সমর্থন মুলতবির আবেদন করেন তার আইনজীবীরা।
এ বিষয়ে শুনানি করেন আইনজীবী আবদুর রেজাক খান, এ জে মোহাম্মদ আলী ও মাহবুব উদ্দিন খোকন।
এর বিরোধিতা করে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, খালেদা জিয়ার পক্ষে আপিল বিভাগে আবেদনের আইনজীবী সনদপত্র দাখিল করা হলেও সেখানে কোথাও বলা হয়নি যে, আপিল বিভাগ এ মামলার কার্যক্রম স্থগিত করেছে বা বিষয়টি পেন্ডিং রাখা হয়েছে।
“সুতরাং এ মামলার বিচার চালিয়ে যেতে কোনো আইনি বাধা এখানে নেই।”
দুই পক্ষের বক্তব্য শুনে খালেদার আবেদন মঞ্জুর করেন বিচারক আবু আহমেদ জমাদার।
তিনি বলেন, “বিচারকে দৃশ্যমান করার জন্যই আপিল বিভাগকে সম্মান জানিয়ে মুলতবির আবেদন মঞ্জুর করে তিন সপ্তাহের সময় দিলাম; ২৩ জুন মামলার পরবর্তী দিন রাখলাম।”
এছাড়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদাকে তার আইনজীবী সানাউল্লাহ মিয়ার মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদনও মঞ্জুর করেন বিচারক।
খালেদার আদালতে আসার দিন থাকায় বিএনপির জ্যেষ্ঠ নেতা ও বিএনপিপন্থি আইনজীবীরা সকাল থেকেই আদালত প্রাঙ্গণে ভিড় করতে শুরু করেন। আদালত ও আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়।
বিএনপি নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবদুল্লাহ আল নোমান, আবদুল আউয়াল মিন্টু, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, নাজিমউদ্দিন আলমকে আদালত প্রাঙ্গণে দেখা যায়।
গত বছরের শুরুর দিকে হরতাল-অবরোধ ডেকে টানা তিন মাস খালেদা নিজের কার্যালয়ে অবস্থান নিয়ে থাকার সময় আদালতে না যাওয়ায় একই বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা জারির একমাস দশ দিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পান খালেদা।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে আসা অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট তেজগাঁও থানায় খালেদার বিরুদ্ধে এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
খালেদা জিয়া ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন- তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদ ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চার জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। পরের বছরের ১৯ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরু হয়।
এ মামলায় জামিনে থাকা জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান গত ৭ এপ্রিল আত্মপক্ষ সমর্থন করে আদালতে লিখিত বক্তব্য জমা দেন। আর হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক।
তদন্ত কর্মকর্তা ও বাদী দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদসহ মোট ৩২ জন এ মামলায় সাক্ষ্য দিয়েছেন।
আর জিয়া এতিমখানা ট্রাস্ট মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদক কর্মকর্তা হারুন-অর-রশিদের জেরা চলছে।
