২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে নতুন ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনারের দায়িত্ব নেওয়ার প্রায় চার মাস পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন অ্যালিসন ব্লেক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 07:47 PM

Updated : 20 Aug 2022, 12:45 PM

বুধবার বিকাল সাড়ে ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তাদের এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন তার উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।

রবার্ট গিবসন চলে যাওয়ার পর গত ১৪ জানুয়ারি ঢাকায় ব্রিটেনের নতুন হাই কমিশনারের দায়িত্ব নেন অ্যালিসন ব্লেক।

সাবিহ উদ্দিন সাংবাদিকদের বলেন, “যুক্তরাজ্যের নতুন হাই কমিশনারের এটি প্রথম সাক্ষাৎ। আপনারা জানেন, উনি বাংলাদেশে আসার পরে নানা কাজে ব্যস্ত ছিলেন। আজ তিনি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন।”

ঘণ্টাব্যাপী এই বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয় জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, “এটা সিম্পলি ইনট্রোডাকটরি মিটিং, সৌজন্য সাক্ষাৎ। একজন আরেকজনের সঙ্গে পরিচিত হয়েছেন।”

অবশ্য বিএনপি নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, সাক্ষাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী ব্যবস্থাসহ নানা বিষয়ে মতবিনিময় করেছেন খালেদা জিয়া ও অ্যালিসন ব্লেক।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানও উপস্থিত ছিলেন। ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে ছিলেন তার পলিটিক্যাল কাউন্সিলর।

পুরনো খবর:

নতুন ব্রিটিশ হাই-কমিশনার ঢাকায়
‘অভিন্ন লক্ষ্য’ নিয়ে কাজ করবেন নতুন ব্রিটিশ হাই কমিশনার
যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সহজ করায় হাই-কমিশনারের আশ্বাস