২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ব্রিটিশ হাই-কমিশনার ঢাকায়

বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাই কমিশনার অ্যালিসন ব্লেক বুধবার ঢাকা পৌঁছেছেন; আর বৃহস্পতিবার আসছেন নতুন ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 07:08 PM

Updated : 20 Aug 2022, 11:34 AM

যুক্তরাজ্যের হাই কমিশনার অ্যালিসন ব্লেক বাংলাদেশে রবার্ট গিবসনের স্থলাভিষিক্ত হচ্ছেন। আর ভারতের সাবেক হাই কমিশনার পঙ্কজ শরণের স্থলাভিষিক্ত হচ্ছেন হর্ষবর্ধন শ্রিংলা।

ব্লেক ১৯৮৯ সালে ব্রিটিশ সিভিল সার্ভিসে যোগ দিয়ে ১৯৯৬ সালে দেশটির পররাষ্ট্র ও কমনওয়েলথ কার্যালয়ে আসেন।

বাংলাদেশে হাই কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে পাকিস্তানে ডেপুটি হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এই নারী কূটনীতিক।

Image
অ্যালিসন ব্লেক (ফাইল ছবি)

অ্যালিসন ব্লেক (ফাইল ছবি)

ঢাকা পৌঁছে এক বিবৃতিতে হাই কমিশনার ব্লেক বলেন, বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়ে 'আনন্দিত ও সম্মানিত' বোধ করছি।

'দীর্ঘ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের ব্যাপক সহযোগিতাপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে' তিনি কাজ করবেন বলেও বিবৃতিতে জানান এই কূটনীতিক।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক অ্যালিসন ব্লেকের প্রাচীন ও আধুনিক ইতিহাস বিষয়ে আগ্রহ রয়েছে। ১৯৮৩ সালে তার বিএ ডিগ্রি নেওয়ার পর লন্ডনে জন্ম নেওয়া নারী নিজ শহরেই প্রত্নতত্ত্ববিদ হিসেবে কর্মজীবন শুরু করেন।

এরপর ব্রিটিশ সিভিল সার্ভিসে যোগ দেওয়ার আগে তিনি একটি অর্থনৈতিক নীতি গবেষণা প্রতিষ্ঠানেও কাজ করেছেন।

Image
থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের বিদায় সংবর্ধনায় ঢাকায় ভারতের নতুন হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা (বামে)

থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের বিদায় সংবর্ধনায় ঢাকায় ভারতের নতুন হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা (বামে)

অন্যদিকে নতুন ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বৃহস্পতিবার ঢাকায় আসছেন বলে জানিয়েছে ভারতীয় হাই কমিশন।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাই কমিশনার শ্রিংলা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে ঢাকায় পৌঁছাবেন থাইল্যান্ডের ব্যাংকক থেকে; বাংলাদেশের আগে থাইল্যান্ডে তিনি ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ভারতীয় ফরেন সার্ভিসে 'উদীয়মান তারকাদের' অন্যতম একজন হিসেবে চিহ্নিত শ্রিংলা পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের সন্তান।

ঢাকায় ভারতের নতুন হাই কমিশনারের সম্মানে থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের দেওয়া এক বিদায় সংবর্ধনায় শ্রিংলা ইতোমধ্যে সব প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে ঢাকা-দিল্লি সম্পর্ককে 'নতুন উচ্চতায়' নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

কূটনীতিক হিসেবে দীর্ঘ ৩০ বছরে শ্রিংলা প্যারিস, হ্যানয় ও তেল আবিবের ভারতীয় দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের কাউন্সিলর এবং চীনের হো চি মিন শহর, ভিয়েতনাম ও দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে ভারতের কনসাল জেনারেল ছিলেন।