জয় অপহরণ চক্রান্ত: মাহমুদুর ৫ দিনের রিমান্ডে
প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় অপহরণ চক্রান্তের মামলায় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
কারাবন্দি মাহমুদুরকে গত সপ্তাহে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল গোয়েন্দা পুলিশ।
সোমবার এ বিষয়ে শুনানিতে মাহমুদুরের আইনজীবী সানাউল্লাহ মিয়া রিমান্ডের বিরোধিতা করে তার জামিনের আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম গোলাম নবী জামিন নাকচ করে মাহমুদুরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।
যায়যায়দিনের সাবেক সম্পাদক শফিক রেহমানকেও এ মামলায় গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ।
যুক্তরাষ্ট্রপ্রবাসী জয়ের ব্যক্তিগত তথ্য পেতে ওই দেশে থাকা এক বিএনপি নেতার ছেলে রিজভী আহমেদ সিজার এফবিআইর এক কর্মকর্তাকে ঘুষ দিয়েছিলেন বলে দেশটির আদালতে প্রমাণিত হয় গত বছর।
যুক্তরাষ্ট্রের আদালতের নথিতে দেখা যায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলের ক্ষতি করার লক্ষ্যে তার ব্যক্তিগত তথ্য পেতে আসামি এফবিআইয়ের এক এজেন্টকে ঘুষ দিয়েছিলেন।
ঘুষ দিয়ে তথ্য পাওয়ার পর তা সিজার বাংলাদেশি ‘একজন সাংবাদিককে’ তা সরবরাহ করেছিলেন এবং বিনিময়ে ‘প্রায় ৩০ হাজার ডলার’ পেয়েছিলেন বলেও নথিতে উল্লেখ করা হয়।
ওই রায়ের পর জয়কে অপহরণের চক্রান্তের অভিযোগ তুলে ঢাকার পল্টন থানায় পুলিশ একটি মামলা করে, যাতে সিজারের বাবা প্রবাসী বিএনপি নেতা মেহম্মদ উল্লাহ মামুনসহ দলটির শীর্ষ নেতৃবৃন্দকেও আসামি করা হয়। সেই মামলাতেই গত ১৬ এপ্রিল গ্রেপ্তার হন শফিক রেহমান।
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, জয়ের বিষয়ে চক্রান্তকারীদের সঙ্গে শফিক রেহমানসহ দুই-তিনজনের যোগাযোগ ছিল।
মাহমুদুর রহমানকেও যে এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা ওই সময়ই সাংবাদিকদের জানিয়েছিলেন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মাহমুদুর আমার দেশের মালিকানা কিনে সম্পাদক বনে যান। ২০১৩ সালে ধর্মীয় উসকানি ও রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে রয়েছেন।
