জয় অপহরণ চক্রান্ত: মাহমুদুরকে রিমান্ডে চায় পুলিশ
প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় অপহরণ চক্রান্তের মামলায় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের হেফাজতে চেয়েছে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার হাসান আরাফাত সোমবার কারাবন্দি মাহমুদুরকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন এবং ১০ দিনের রিমান্ডের আর্জি জানান।
মহানগর হাকিম মো. নূর নবী এ বিষয়ে শুনানির জন্য আগামী ২৫ এপ্রিল দিন রেখেছেন বলে আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
এর আগে বিএনপিঘনিষ্ঠ সাংবাদিক শফিক রেহমানকে গত শনিবার এ মামলায় গ্রেপ্তার করা হয়।
যুক্তরাষ্ট্রপ্রবাসী জয়ের ব্যক্তিগত তথ্য পেতে ওই দেশে থাকা এক বিএনপি নেতার ছেলে রিজভী আহমেদ সিজার এফবিআইর এক কর্মকর্তাকে ঘুষ দিয়েছিলেন বলে দেশটির আদালতে প্রমাণিত হয় গত বছর।
যুক্তরাষ্ট্রের আদালতের নথিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলের ক্ষতি করার লক্ষ্যে তার ব্যক্তিগত তথ্য পেতে আসামি এফবিআইয়ের এক এজেন্টকে ঘুষ দিয়েছিলেন।
ঘুষ দিয়ে তথ্য পাওয়ার পর সিজার বাংলাদেশি ‘একজন সাংবাদিককে’ তা সরবরাহ করেছিলেন এবং বিনিময়ে ‘প্রায় ৩০ হাজার ডলার’ পেয়েছিলেন বলেও নথিতে উল্লেখ করা হয়।
ওই রায়ের পর জয়কে অপহরণের চক্রান্তের অভিযোগ তুলে ঢাকার পল্টন থানায় পুলিশ একটি মামলা করে, যাতে সিজারের বাবা প্রবাসী বিএনপি নেতা মেহম্মদ উল্লাহ মামুনসহ দলটির শীর্ষ নেতৃবৃন্দকেও আসামি করা হয়। সেই মামলাতেই শনিবার গ্রেপ্তার হন সাংবাদিক শফিক রেহমান।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রোববার এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, জয়ের প্রাণনাশে যুক্তরাষ্ট্রের চক্রান্তকারীদের সঙ্গে শফিক রেহমানসহ দুই-তিনজনের যোগাযোগ ছিল।
মাহমুদুর রহমানকেও যে এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা রোববারই জানিয়েছিলেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মাহমুদুর আমার দেশের মালিকানা কিনে সম্পাদক বনে যান। ২০১৩ সালে ধর্মীয় উসকানি ও রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে রয়েছেন।
