২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষড়যন্ত্রকারীর পক্ষে নয়, বিরুদ্ধে অবস্থান নিন: হানিফ

লেখালেখি নয়, ‘ষড়যন্ত্রের’ জন্য শফিক রেহমান ও মাহমুদুর রহমানকে ধরা হয়েছে দাবি করে তাদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মাহাবুব উল আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 04:13 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

শফিক রেহমান গত ১০ বছর কোথাও সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন না দাবি করে শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “শফিক রেহমানকে কোনো লেখার জন্য গ্রেপ্তার করা হয়নি। তাকে বঙ্গবন্ধুর দৌহিত্র জয়কে অপহরণ করে হত্যা করার যড়যন্ত্রকারী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে ।”

অন্যদিকে কারাবন্দি ‘আমার দেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান কোনো দিন সাংবাদিক ছিলেন না দাবি করে হানিফ বলেন, “বিএনপি ক্ষমতায় থাকতে তিনি একটি কোম্পানিতে চাকরি করতেন। বিএনপি ক্ষমতা ছাড়ার পর তিনি আমার দেশে বসে ষড়যন্ত্র শুরু করলেন।

“তিনি আমার দেশে বসে হেফাজতের সাথে ৮০ কোটি টাকা লেনদেন করেছিলেন, সারা ঢাকাকে অচল করে দিতে। তিনি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন মানুষ হত্যার।”

এই দুজনের বিচারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, “যদি কেউ কাউকে খুনের ষড়যন্ত্রে যুক্ত হন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে না?... সাংবাদিক হলে কি আইনের ঊর্ধ্বে?

“যারা তাদের জন্য মায়া কান্না করছেন তাদের অনুরোধ করব- ষড়যন্ত্রকারী, হত্যা ও খুনের চক্রান্তকারীদের বিরুদ্ধে অবস্থান নেন। তাহলে জনগণের কাছে বার্তা যাবে যে, কেউ চক্রান্তকারীদের সাথে নেই। কিন্তু তাদের পক্ষ নিবেন, এটি জাতি চায় না।”

ঢাকা মহানগর আওয়ামী লীগের দক্ষিণ ও উত্তরের নবনির্বাচিত দুই সাধারণ সম্পাদক সাদেক খান ও শাহে আলম মুরাদকে সংবর্ধনা দিতে দুপুরে রাজধানীর পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন হানিফ।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “বাংলাদেশের মাথা পিছু আয় আগে ছিল ৮০০ ডলার, আমরা ক্ষমতায় আসার পর হয়েছে ১৪০০ ডলার। এটি কোনো ম্যাজিক নয়, শেখ হাসিনার নেতৃত্বের ফসল।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “অন্তকলহ বন্ধ করে দলটাকে শক্তিশালী করুন। অনেক বড় দল, অনেক মতভেদ থাকবে, কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক হয়ে কাজ করলে বাংলাদেশ সক্ষমতায় বিশ্বের শীর্ষ থাকবে।”

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, “বিএনপি চক্র আজ শেখ হাসিনার পুত্রকে অপহরণ করে খুন করতে চায়। আমরা বলে দিতে চাই- যদি এমন চক্রান্ত করতে চান, তাহলে ঢাকা মহানগরে বিএনপির কোনো নেতাকর্মী বাসায় থাকতে পারবেন না। কারণ রক্তের জবাব রক্তের মাধ্যমেই দেওয়া হবে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বক্তব্য দেন।

পুরনো খবর:

শফিক রেহমান ফের ৫ দিনের রিমান্ডে
জয় অপহরণ চক্রান্ত: মাহমুদুরকে রিমান্ডে চায় পুলিশ