প্রবৃদ্ধির প্রাক্কলন অলীক, অবাস্তব: বিএনপি
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এটা সরকারের নেহাতই পরিসংখ্যানের চমক। আমরা মনে করি, জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় টিকে থাকাই এ সরকারের মূল উদ্দেশ্য। সেজন্য তারা মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।”
জনগণকে পরিসংখ্যান ব্যুরোর এই ‘চমকে বিভ্রান্ত’ না হওয়ারও আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল।
২০১৫-১৬ অর্থবছরের প্রথম নয় মাসের (জুলাই-মার্চ) তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সম্প্রতি মাথাপিছু আয় ও প্রবৃদ্ধির এই হিসাব প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, চলতি অর্থবছর শেষে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ১ হাজার ৪৬৬ ডলার হবে। আর প্রবৃদ্ধি হবে ৭ দশমিক শূন্য ৫ শতাংশ, যা এডিবি ও বিশ্ব ব্যাংকের পূর্বাভাসের (৬ দশমিক ৭ শতাংশ) চেয়ে বেশি।
বিএনপি-জামায়াত গতবছর টানা তিন মাস ‘আন্দোলনের নামে নাশকতা’ না করলে এক বছর আগেই বাংলাদেশ ওই প্রবৃদ্ধি পেতে পারতো বলে সোমবার মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারের দাবির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, “এই দাবি সঠিক নয়। এটি অলীক ও অবাস্তব পরিসংখ্যান।”
বিএনপি মহাসচিবের দাবি, জিডিপি প্রবৃদ্ধি যে ৭ শতাংশের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারে তেমন কোনো ইংগিত অর্থনীতির সূচকগুলোতে দেখা যাচ্ছে না।
চারদলীয় জোট সরকারের শেষ বছর ২০০৫-০৬ সালে অর্থবছরে ৬ দশমিক ৮৪ শতাংশ প্রবৃদ্ধি হওয়ার কথাও মনে করিয়ে দেন সেই সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা ফখরুল।
২০০৬-০৭ অর্থবছরে ৭ দশমিক ০৬ প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল, যার তিন মাস ক্ষমতায় ছিল বিএনপি-জামায়াত জোট সরকার।
ফখরুল বলেন, “অন্য বছর নয় মাসের তথা তিন প্রান্তিকের পূর্ণাঙ্গ হিসাব পেয়ে তবেই জিডিপির প্রাক্কলন করা হয়। সব হিসাব পাওয়া যায় এপ্রিলের শেষে। এবার তাড়াহুড়ো করে প্রাক্কলন প্রকাশ উদ্দেশ্যমূলক। সরকার পরিসংখ্যান ব্যুরোকে নির্দেশনা দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে চাপের মধ্যে ফেলছে।”
ফখরুলের ভাষায়, সরকারি চাকুরেদের বেতন-ভাতা প্রায় দ্বিগুণ বাড়ায় এবার জিডিপি প্রাক্কলন বেড়েছে, যা ‘এককালীন’ বৃদ্ধি।
“প্রবৃদ্ধির হার বৃদ্ধির সঙ্গে বিনিয়োগ বৃদ্ধির হারের সরাসরি সম্পর্ক রয়েছে। গত অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ের তুলনায় চলতি অর্থ বছরের একই সময়ে শিল্পের কাঁচা মাল ও যন্ত্রপাতির আমদানি অধিকতর মন্থর হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে জিডিপি প্রবৃদ্ধির হার বৃদ্ধি পাওয়া অবাস্তব মনে হয়।
“দেশে ব্যক্তিখাতে বিনিয়োগ হচ্ছে না। সরকারের হিসাবে ব্যক্তি থাতে বিনিয়োগ গত বছরের জিডিপির শতকরা ২২ দশমিক ০৭ ভাগ থেকে চলতি অর্থ বছরে জিডিপির শতকরা ২১ দশমিক ৭৮ ভাগে নেমে এসেছে। ব্যক্তি খাতে বিনিয়োগের এই নেতিবাচক পরিস্থিতিতে জিডিপির প্রবৃদ্ধির দাবি অসঙ্গতিপূর্ণ।”
একসময় কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা ফখরুল বলেন, কৃষি প্রবৃদ্ধিতে ‘নিম্নমুখী ধারা’ সুখবর নয়, এতে ছদ্ম বেকারত্ব বাড়বে।
“ব্যক্তি খাতে বিনিয়োগে মন্দার ফলে ব্যাংকে বাড়ছে অলস টাকার পরিমাণ। অন্যদিকে ব্যাংক ব্যবস্থায় চলছে সর্বগ্রাসী লুটপাট ও চরম অব্যবস্থাপনা।... দেশ থেকে পুঁজি পাচার হচ্ছে, যার ইংগিত আমরা পাই, সুইস ব্যাংক, গ্লোবাল ইন্টিগ্রিটি রিপোর্ট এবং পানামা পেপারস থেকে।”
বিভিন্ন খাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের তথ্য তুলে ধরে ফখরুল বলেন, লক্ষ্য পূরণে পিছিয়ে থাকার চিত্র উচ্চ প্রবৃদ্ধির হিসাবকে ‘প্রশ্নবিদ্ধ’ করেছে।
মাথাপিছু আয় বাড়ার তথ্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “জাতীয় আয় নির্ধারণে ভিত্তি বছর পরিবর্তন করার ফলে বর্তমান সরকারের আমলে ২০০৯ সালে মাথাপিছু আয় ১২১ ডলার বৃদ্ধি পেয়েছিল, যা নেহাতই পরিসংখ্যানের চমক। বাস্তবে সাধারণ মানুষের অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, “পরিসংখ্যান ব্যুরোর তথ্য সঠিক নয়। দুটি প্রাক্কলন বিশ্ব ব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক করেছে। বিশ্ব ব্যাংক বলেছে ৬ দশমিক ৫ শতাংশ, এডিবি বলেছে ৬ দশমিক ৭ শতাংশ। তারা স্পষ্ট বলে দিয়েছে, এটাই সর্বোচ্চ অর্জন হতে পারে।”
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যে দেশে ব্যক্তিখাতের উন্নয়ন হবে না, সে দেশে কোনোভাবেই ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে না।
“বাংলাদেশে একটি ফ্লাইওভার নির্মাণে প্রতি কিলোমিটারে ব্যয় হচ্ছে ১০০ কোটি টাকা। অথচ ভারত ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশে ১০ কোটি টাকা ব্যয় হচ্ছে। পদ্মা সেতুতে দশ হাজার কোটি টাকার ব্যয় ২৮ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। আপনারা বুঝে নেন, এখন টাকা কোথায় যাচ্ছে।”
অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক ও ইনাম আহমেদ চৌধুরী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
