১৪৬৬ ডলার মাথাপিছু আয়, ৭.০৫% প্রবৃদ্ধির প্রাক্কলন
চলতি অর্থবছর শেষে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ১ হাজার ৪৬৬ ডলার হবে বলে প্রাক্কলন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
সেই সঙ্গে এবার জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ ছাড়িয়ে যাবে বলে পরিকল্পনা মন্ত্রণালয় আশা করছে।
২০১৫-১৬ অর্থবছরের প্রথম নয় মাসের (জুলাই-মার্চ) তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মাথাপিছু আয় ও প্রবৃদ্ধির এই হিসাব করেছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই হিসাব তুলে ধরে হয়।
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (ফাইল ছবি)
চলতি অর্থবছরে জিডিপির আকার ১৭ লাখ ২৯ হাজার কেটি টাকায় দাঁড়াচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, “অনেক দিন ধরে দেশে ও দেশের বাইরে বলাবলি করছিল আমাদের প্রবৃদ্ধি ৬ শতাংশের ঘরে ঘুরাঘুরি করছে। এবার তাদের মুখ বন্ধ হয়ে যাবে।”
পরিসংখ্যান ব্যুরোর প্রাক্কলন ঠিক থাকলে এক বছরেই মাথাপিছু আয় বাড়ছে দেড়শ ডলার। আর প্রবৃদ্ধি দাঁড়াচ্ছে ৭ দশমিক শূন্য ৫ শতাংশে।
অর্থবছরের শুরুতে বাজেট ঘোষণার সময় ৭ শতাংশ প্রবৃদ্ধির আশার কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল। তবে নয় মাসে অর্থনীতির গতি প্রকৃতি দেখে এডিবি ও বিশ্ব ব্যাংক বলেছে, এবার বাংলাদেশ ৬ দশমিক ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি পেতে পারে।
মুস্তফা কামাল বলেন, “চলতি অর্থবছরের এ জিডিপি প্রবৃদ্ধি এক কথায় অসাধারণ। আগে বিশ্ব ব্যাংক ও ইউএনডিপি আমাদের অর্থনীতির প্রশংসা করত। এখন ইউরোপও বলছে বিনিয়োগের পরবর্তী ঠিকানা বাংলাদেশ।”
সর্বশেষ ২০০৬-০৭ অর্থবছরে ৭ দশমিক ০৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল বাংলাদেশে।
চলতি অর্থবছরে কৃষি খাতের প্রবৃদ্ধি প্রাক্কলন হয়েছে ২ দশমিক ৬০ শতাংশ, শিল্প খাতে ১০ দশমিক ১০ শতাংশ এবং সেবা খাতে ৬ দশমিক ৭০ শতাংশ।
এ ছাড়া মৎস্য খাতে ৬ দশমিক ১৯ শতাংশ, খনিজ সম্পদে ১২ দশমিক ০৬ শতাংশ, শিল্প উৎপাদনে ১০ দশমিক ৩০ শতাংশ, বিদ্যুৎ,গ্যাস ও পানি সরবরাহ খাতে ১১ দশমিক ১৫ শতাংশ, নির্মাণ শিল্পে ৮ দশমিক ৮৭ শতাংশ, হোটেল রোস্তারাঁ খাতে ৭ শতাংশ এবং পরিবহন খাতে ৬ দশমিক ৫১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে বিবিএস প্রাক্কলন করেছে।
