ভোটের আগে ‘নৌকায় পার’ আরও ৬ জন
চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপের ভোটের আগেই নির্বাচিত হতে যাচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ছয়জন চেয়ারম্যান প্রার্থী।
আসন্ন এই নির্বাচনের ছয়টি ইউপিতে চেয়ারম্যান পদে আর কোনো মনোনয়নপত্র জমা না পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন তারা।
মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহারের সময় পার হলে এ সংখ্যা আরও বাড়তে পারে।
ইতোমধ্যে প্রথম তিন ধাপের নির্বাচনে আওয়ামী লীগের ১১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ৭২৭ ইউপিতে ভোট হবে আগামী ৭ মে। গত ৭ এপ্রিল ছিল নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ১০ ও ১১ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ সময় ১৯ এপ্রিল।
রোববার ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, চতুর্থ ধাপের ৭২৭ ইউপিতে চেয়ারম্যান পদে ৩ হাজার ৭২৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে স্বতন্ত্র ১ হাজার ৯১২টি ও বিভিন্ন রাজনৈতিক দলের ১ হাজার ৮১৩টি।
ইসির জনসংযোগ শাখা জানিয়েছে, কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ, ঝিনাইদহ সদরের সুরাট, সোনাইমুড়ির বীরগাঁও, নরসংদীর রায়পুরার চান্দেরকান্দি, রাধানগর ও লক্ষ্মীপুরের রায়পুর ইউপিতে শুধু নৌকা প্রতীকের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এবার ছয় ধাপে ইউপি ভোট হচ্ছে। গত ২২ মার্চ ও ৩১ মার্চ দুই ধাপের ভোট হয়েছে। আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপের ভোট রয়েছে। আগামী ৭ মে চতুর্থ ধাপ শেষে ৪ জুনের মধ্যে আরও দুই ধাপের ভোট হওয়ার কথা।
