২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মশালের ‘সুরক্ষা’ চেয়ে সিইসিকে ইনুর চিঠি

নির্বাচন কমিশনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের দুটি পক্ষের শুনানির পর দলীয় প্রতীকের দাবি নিয়ে ইসিতে নতুন করে চিঠি দিয়েছেন একাংশের সভাপতি হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 04:22 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

রোববার দুপুরে নির্বাচন কমিশনে এ চিঠি পৌঁছে দেওয়া হয়েছে বলে তথ্যমন্ত্রী ইনুর ব্যক্তিগত কর্মকর্তা ও জাসদ নেতা সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

প্রধান নির্বাচন কমিশনার বরাবর লেখা চিঠিতে ইনু বলেন, “‌‌''বাদল-আম্বিয়া-প্রধান একই নামে আলাদা দল গঠনের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এ অবস্থায় দলের নাম, প্রতীক ও নিবন্ধনের বেআইনি ব্যবহার রোধ করে আইনি সুরক্ষা করতে হবে।”

গত ১২ মার্চ জাতীয় সম্মেলনকে ঘিরে দুই ভাগ হয় জাসদ। হাসানুল হক ইনু ও শিরীন আখতারের কমিটির পাশাপাশি কার্যকরী সভাপতি মঈনুদ্দীন খান বাদল, শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানের আলাদা কমিটি ঘোষণার মধ্য দিয়ে এ বিভক্তি চূড়ান্ত হয়।

দুই পক্ষই নিজেদের ‘মূল জাসদ’ দাবি করে দলীয় প্রতীক মশালের দাবি নিয়ে ইসির দ্বারস্থ হওয়ায় গত ৬ এপ্রিল আলাদাভাবে দুই পক্ষের শুনানি করে ইসি।

স্থায়ী কোনো সমাধান ওই শুনানিতে না দিয়ে ইউপি নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের ক্ষেত্রে মশালের দাবি নিয়ে জটিলতা হলে তা মেটানোর দায়িত্ব রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া হয়েছে।

সিইসিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০০৮ সালে নিবন্ধনের সময় জাসদের সভাপতি ছিলেন হাসানুল ইনু ও সাধারণ সম্পাদক জাফর সাজ্জাদ।

“গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করছি- শরীফ নুরুল আম্বিরয়া, নাজমুল হক প্রধান, মঈনুদ্দীন খান বাদলসহ কতিপয় সদস্য দল ছেড়ে একই নামে পৃথক দল গঠনের অপচেষ্টায় লিপ্ত হয়েছে,” লিখেছেন ইনু।  

এক্ষেত্রে জাসদের প্রতীক ও নিবন্ধন নিজের নেতৃত্বাধীন অংশের পক্ষেই থাকা উচিৎ বলে দাবি করেছেন তিনি।

পুরনো খবর:

ইউপিতে মশালের ‘সিদ্ধান্তের ভার রিটার্নিং কর্মকর্তাকে’
ইসির শুনানিতে ‘মশাল’