ইউপিতে মশালের ‘সিদ্ধান্তের ভার রিটার্নিং কর্মকর্তাকে’
বিভক্ত জাসদের বিষয়ে সিদ্ধান্ত না নেওয়ার আগে ইউপি নির্বাচনে মশাল প্রতীক বরাদ্দের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রিটার্নিং কর্মকর্তাদের উপর ঠেলে দিয়েছে নির্বাচন কমিশন।
সিইসিসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বুধবার সকালে ও বিকালে এই দলটির দুই অংশের নেতাদের বৈঠকের পর ইসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কমিশনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইউপি নির্বাচনের তৃতীয় ধাপের মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে। মশাল প্রতীক দেওয়ার বিষয়টি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছে।
“তারা (রিটার্নিং কর্মকর্তা) এখনও পর্যন্ত কোনো মতামত চায়নি। তাহলে আগ বাড়িয়ে ইসি কেন সিদ্ধান্ত দেবে?”
গত পৌর নির্বাচনে বিভিন্ন অনিয়মের ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রিটার্নিং কর্মকর্তাদের উপর ছেড়ে দিয়ে সমালোচনায় পড়েছিল কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান ইসি।
চলমান ইউপি নির্বাচনেও নানা ঘটনায় ইসি দায়িত্ব এড়িয়ে চলতে চাইছে বলে অভিযোগ রয়েছে।
ইউপি নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে বলে জাসদের বিষয়টি সুরাহার প্রয়োজন দেখা দেয়।
গত ১২ মার্চ জাসদের কাউন্সিলে দুটি কমিটি গঠিত হয়। একটির সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে সাধারণ সম্পাদক শিরীন আখতার। অন্যটিতে সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।
ইসিতে শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি হাসানুল হক ইনু
সাংবাদিকদের মুখোমুখি মইন উদ্দীন খান বাদল
ইউপি নির্বাচনের চলার মধ্যে এই বিভেদ দেখা দিলে প্রার্থী মনোনয়ন নিয়ে জটিলতা দেখা দেয়। দুই কমিটি মশাল প্রতীকের প্রার্থী মনোনয়ন দিলে জটিলতা নিরসনে ইসি শুনানির উদ্যোগ নেয়।
জাসদের দুই পক্ষের শুনানির পর বিকালে সিইসি অপেক্ষমাণ সাংবাদিকদের নানা প্রশ্ন এড়িয়ে অনেকটা তড়িঘড়ি করে তার কার্যালয় ছাড়েন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কাজী রকিব শুধু বলেন, “আমরা দুটি পক্ষের বক্তব্য শুনেছি। দু’পক্ষের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে, তাদের বক্তব্য পর্যালোচনা করব। আরও কিছু বিষয়ে তথ্য প্রয়োজন হলে কাগজপত্র চাইব।”
তৃতীয় ধাপের ইউপি প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল বুধবার। প্রতীক বরাদ্দ হবে বৃহস্পতিবার। চতুর্থ ধাপের প্রার্থীদের মনোনয়ন দাখিলের সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার।
এ অবস্থায় জাসদের কোন পক্ষের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরে মশাল প্রতীকের প্রার্থী ঠিক হবে- জানতে চাইলে সরাসরি কোনো উত্তর দেননি সিইসি।
“এ নিয়ে পরে দেখা যাবে,” বলেন তিনি।
জাসদের প্রতীক মশাল
ইসি কর্মকর্তারা বলছেন, দুটি পক্ষ থেকে প্রার্থী মনোনয়নে প্রত্যয়নপত্র দিতে আলাদা আলাদা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচন করে ইসিকে জানানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা না দিলে জটিলতা তৈরি হতে পারে।
শুনানির পর তবে মশাল কার হাতে যাচ্ছে- জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই নির্বাচন কমিশনার বলেন, “অপেক্ষা করেন। এখন তো কোনো সমস্যা হচ্ছে না। আমাদের কাছে শুনানিতে কেউ কোনো প্রেয়ার না দিলে আমরা কী দেব তাদের?”
ক্ষমতাসীন জোটের শরিক দল জাসদ নিয়ে চলমান পরিস্থিতিতে কোনো বিতর্কেও জড়াতে চান না নির্বাচন কমিশনাররা।
শুনানিতে জাসদের দুই অংশই মশাল প্রতীকের দাবি জানিয়ে ইসির কাছ থেকে ‘যথাযথ সিদ্ধান্ত’ পাওয়ার আশার কথা জানিয়েছে।
