জঙ্গি দমনের ঘটনা আড়ালে রিপোর্ট বানাচ্ছে ইউরোপ-আমেরিকা: ইনু
ইউরোপ-আমেরিকা ‘উদ্দেশ্যমূলক’ প্রতিবেদন তৈরি করে বাংলাদেশে জঙ্গি দমনের ঘটনাকে ‘আড়ালের চেষ্টা’ করছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শুক্রবার এক অনুষ্ঠানে ‘এই মুহূর্তে বাংলাদেশ ইউরোপ-আমেরিকায় চেয়ে বেশি নিরাপদ’ মন্তব্য করে তিনি বলেন, “আমরা জনবহুল দেশ হিসেবে যত নিরাপদে ঘুরে বেড়াতে পারি … ইউরোপ-আমেরিকার চেয়ে বেশি নিরাপদে আছি।”
জঙ্গি দমনে সরকার ভূমিকা রাখছে না, গণতন্ত্র সংকুচিত ও গণমাধ্যম চাপের মুখে- ইউরোপ-আমেরিকার এমন বক্তব্য ‘উদ্দেশ্যমূলক ও সত্যনির্ভর নয়’ দাবি করে তথ্যমন্ত্রী বলেন, “উদ্দেশ্যমূলক মিথ্য তথ্য দিয়ে যারা রিপোর্ট তৈরি করে, তারা কার্যত জঙ্গি দমনের ঘটনাকে আড়াল করার চেষ্টা করেন, এটা দুঃখজনক।”
বাংলাদেশের গণমাধ্যমগুলোকে তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশ করে ইউরোপ-আমেরিকার ‘মিথ্য অপপ্রচারের’ সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশিরা বলছে বাংলাদেশের গণতন্ত্র চাপের মুখে।
“আমি তথ্যমন্ত্রী হিসেবে জানার চেষ্টা করছি, গণমাধ্যমের সদস্যরা কোনো চাপের মধ্যে আছেন কি না? দেখছি গণমাধ্যমের কর্মীরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন।”
জাসদ সভাপতি ইনুর দাবি, বাংলাদেশের তুলনায় ইউরোপ-আমেরিকায় জঙ্গি তাণ্ডব ও তৎপরতা বেশি। বাংলাদেশ ইউরোপ-আমেরিকার চেয়ে জঙ্গি-সন্ত্রাস দমনে বেশি সফলতা প্রদর্শন করেছে।
“গত ৫-৭ বছরের ঘটনা যদি দেখেন, দেখবেন যে জঙ্গি তৎপরতা যা ছিল সমূলে উপড়ে ফেলেছি। সন্ত্রাস প্রায় বন্ধ করে ফেলেছি এবং জঙ্গিবাদের ঘাঁটি অনেকটাই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছি।”
জঙ্গি তৎপরতায় জড়িত বেশিরভাগ কারাগারে ও বিচারের সম্মুখীন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এদের ৭৫ জনের বেশিকে নিম্ন আদালতে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে, তারা আপিলের অপেক্ষায় আছে। রায় নিষ্পত্তি হলে তাদের ফাঁসি কার্যকর হবে।
দুয়েকটা হত্যাকাণ্ড বা ব্লগার হত্যাকাণ্ড বা ৯৩ দিনের ‘আগুনযুদ্ধ’ কোনো কিছুই গণতন্ত্রকে ধ্বংস করতে পারে না বলে মনে করেন হাসানুল হক ইনু।
“দুয়েকটি হত্যাকাণ্ড অথবা ব্লগার হত্যাকাণ্ডের ঘটনার পরে গণতন্ত্র গেল গেল বলে চিৎকার যারা করেন, তাদের উদ্দেশে বলতে চাই- গণতন্ত্র কাচের গ্লাস না। দুয়েকটা হত্যাকাণ্ড অথবা ৯৩ দিনের আগুনযুদ্ধ গণতন্ত্রকে ধ্বংস করতে পারে না।”
“বিচ্ছিন্ন একটা এয়ারপোর্টে আক্রমণ অথবা একটা জঙ্গি তৎপরতা অথবা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান দিয়ে ৫ হাজার লোককে মেরে ফেলার ঘটনায় আমেরিকাই তো নেই। ওবামা সাহেব কথা বলছেন কেন? আপনিই তো নাই। বাংলাদেশে একটা ব্লগার হত্যার পরে যদি আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেন আমি তো এক হাজার বিবৃতি দেব আপনার বিরুদ্ধে।”
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সমালোচনার আগে আয়নায় নিজের চেহারা দেখার পরামর্শ দিয়ে ইনু বলেন, “আমাদের শেখ হাসিনার সরকার শক্ত সরকার। আমরা জঙ্গি দমন করছি, গণতন্ত্র সংকুচিত করছি না।
“আগুন সন্ত্রাসী আর গণতান্ত্রিক নেতা-নেত্রীকে এক পাল্লায় মাপবেন না। আমরা জঙ্গি, আগুন সন্ত্রাসীকে গণতন্ত্রে কোনো জায়গা দেব না।”
আজিজুল হককে স্মরণ
অনুষ্ঠানে ডিআরইউর প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত সাংবাদিক আজিজুল হককে স্মরণ করেন সহকর্মীরা।
তথ্যমন্ত্রী ডিআরিইউ কল্যাণ তহবিল থেকে প্রয়াত এই সাংবাদিকের পরিবারের সদস্যদের হাতে তিন লাখ টাকার চেক তুলে দেন।
সাংবাদিকদের কল্যাণে সরকার গঠিত ট্রাস্টের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই ট্রাস্ট থেকে সাংবাদিকদের আর্থিক সহয়তা করা হবে।
ডিআরইউ কল্যাণ তহবিলে এক লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, সমাজের বিত্তশালীদের এই তহবিলে অনুদান দিতে অনুরোধ জানাবেন তিনি।
১৯৪৪ সালের ৬ জানুয়ারি জন্ম নেওয়া আজিজুল হক সবশেষ ইংরেজি দৈনিক অবজারভারের বিশেষ প্রতিনিধি ছিলেন। গত ৬ জানুয়ারি ঢাকায় নিজের বাসায় মারা যান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি জামাল উদ্দিন।
এতে আজিজুল হকের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিআরইউর সাবেক সভাপতি শফিকুল করীম সাবু, দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক কাশেম হুমায়ুন এবং ডিআরইউর সাধারণ সম্পাদক রাজু আহমেদ।
