গুম-খুনের বিচার হবেই: ফখরুল
‘গুম-খুনের’ মতো অপরাধে যারা জড়িত তারা কেউই রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম জাকিরের নিখোঁজের একবছর পূর্তিতে বৃহস্পতিবার আয়োজিত দোয়া ও মিলাদের আগে সংক্ষিপ্ত বক্তব্যে ফখরুল বলেন, “গতকাল একটা খবর বেরিয়েছে ভারতের পত্রিকায়। …কয়েকজনকে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারে হত্যা করেছিল। তাদের বিচার হয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ড।
“সুতরাং কেউই আইনের ঊর্ধ্বে নয়, কেউই বিচারের ঊর্ধ্বে নয়। আজকে না হোক, কাল হোক, এর বিচার হবেই এবং নিখোঁজদের আমরা একদিন ফেরত আনবই ইনশাল্লাহ।”
গত বছরের এদিনে ছাত্রদলনেতা আমিনুল ইসলাম জাকিরকে বনানী থেকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদল এই মিলাদ ও দোয়ার আয়োজন করে।
দেশের বর্তমান অবস্থাকে ‘সংকটজনক’ অভিহিত করে মির্জা ফখরুল বলেন, “দেশের সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আজকে এদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে আদালতপাড়া নিয়ে যাওয়া হয়েছে।
“আমাদের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের ছেলেদেরকে মায়ের বুকে ফিরিয়ে দেওয়া হচ্ছে না, পঙ্গু করে দেওয়া হচ্ছে। হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত কেউ শান্তিতে নেই। একটা অশান্তি, অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে- শ্বাসরুদ্ধকর পরিস্থিতি।”
সরকারকে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় বাধ্য করতে হবে বলে জানান তিনি।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদ জানাতে ছাত্রদলকে সোচ্চার হওয়ার আহবানও জানান বিএনপি মহাসচিব।
ছাত্রদলের সভাপতি রাজিব আহসানের সভাপতিত্বে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ জাকিরের ভাই ইকবাল হোসেন বক্তব্য রাখেন।
বিএনপিনেতা আবদুস সালাম, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, সাবেক ছাত্রদল নেতা আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, আমিরুল ইসলাম খান আলিম, ওবায়দুল হক নাসির, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মামুনুর রশীদ প্রমুখ দোয়ায় অংশ নেন।
