২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গয়েশ্বর-ফখরুল একান্ত বৈঠক

হঠাৎ করেই দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে দেখা করতে তার চেম্বারে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 08:13 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

বুধবার দুপুর ২টায় নয়া পল্টনের গয়েশ্বর রায়ের রাজনৈতিক কার্যালয়ে গেলে নতুন মহাসচিবকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

প্রায় দুই ঘণ্টা সেখানে ছিলেন ফখরুল। দুজনে একান্তে বৈঠক করেন। গয়েশ্বর রায়ের বাসা থেকে আসা খাবার খান তারা।

মির্জা ফখরুলের সঙ্গী ছিলেন যুগ্মমহাসচিব মোহাম্মদ শাহজাহান। খাবার পর্বের নিতাই রায় চৌধুরী ও আবুল খায়ের ভুঁইয়া যুক্ত হন।

বিএনপির মধ্যে দুই মেরুর গয়েশ্বর ও ফখরুলের এই বৈঠক নিয়ে কর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

বৈঠকের বিষয়বস্তু জানতে চাইলে গয়েশ্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমিই মহাসচিবকে আমার অফিসে আসার আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি এসেছেন।

“১৯ মার্চ জাতীয় কাউন্সিলের পর থেকে আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। সেজন্য নতুন দায়িত্ব পাওয়া মহাসচিবের সঙ্গে দেখা হয়নি। এখানে আসাতে তাকে শুভেচ্ছাও জানানো হল।”

বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের আয়োজন, অঙ্গসজ্জা, প্রচার-প্রচারণার মূল দায়িত্বে ছিলেন গয়েশ্বর।

কাউন্সিলের ১০ দিন পর গত ৩০ মার্চ ফখরুলকে মহাসচিব মনোনীত করেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া।

নতুন দায়িত্ব নিয়ে খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, এম কে আনোয়ার, তরিকুল ইসলামের সঙ্গে দেখা করেন ফখরুল।