ইউপিতে ছিনতাইকৃত বিজয়কে বৈধতা দিচ্ছে ইসি: বিএনপি
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিজয় ‘ছিনিয়ে’ নিচ্ছে এবং নির্বাচন কমিশন (ইসি) তার বৈধতার সনদ দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
আগামী ২২ মার্চ থেকে ছয় ধাপে দেশের চার হাজারের বেশি ইউপিতে ভোট হবে। স্থানীয় সরকারের সবচেয়ে জনপ্রিয় এই নির্বাচন এবারই প্রথমবারের মতো দলীয়ভাবে হচ্ছে।
রিজভী বলেন, “প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের কয়েকদিন বাকি। এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সন্ত্রাসীদের পৈশাচিকতা ও বর্বরোচিত কর্মকাণ্ড আরও বেশি মাত্রায় বৃদ্ধি পেয়েছে।
“বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত খবরে আমরা জানতে পেরেছি, আমাদের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় শাসক দলের সন্ত্রাসীরা প্রচণ্ডভাবে বাধা দিচ্ছে; প্রচারের মাইক ও অন্যান্য সরঞ্জাম ভেঙে ফেলছে।”
নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা দিয়ে হয়রানি করা করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “স্থানীয় প্রশাসনকে অবহিত করলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”
এ ব্যাপারে নির্বাচন কমিশন ‘একপেশে ভূমিকা’ নিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী।
“এই নির্বাচন কমিশন সকল অনাচারকে আশকারা দিয়ে যাচ্ছে। তারা সরকারের অপরাধের সহযোগী হয়েছে। সারাদেশের ইউপি নির্বাচনী এলাকাগুলোতে জনগণের অংশগ্রহণকে পদদলিত করে যারা সব আত্মসাৎ করে নিচ্ছে, তাদের ছিনতাই করা বিজয়কে বৈধতার সনদ দিচ্ছে এই কমিশন।”
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে ইউপি নির্বাচনকে কেন্দ্রে করে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী, রাঙ্গাবালী, খুলনার দীঘলিয়া থানার সেনহাটি এবং ভোলার চরফ্যাশান উপজেলার এওয়াজপুর ইউনিয়নে ধানের শীষ প্রার্থীদের প্রচার কাজে ‘বাধা ও হামলার’ চিত্র তুলে ধরেন রিজভী।
২০ মার্চ অনুষ্ঠেয় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন সামনে রেখে স্থানীয় প্রশাসন ও ‘শাসক দলের সন্ত্রাসীরা’ ধানের শীর্ষ সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী।
৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, “তিনি সম্প্রতি নবনির্বাচিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা যেন শ্বাপদের মতো জিঘাংসার বহিঃপ্রকাশ।
“এটি গর্হিত, অনভিপ্রেত, সভ্য রাজনীতি চর্চার ক্ষেত্রে চরম লঙ্ঘন। এটি পাগলের প্রলাপ। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে মনে হয়েছে, তিনি একটি কারাগার ও বধ্যভুমির একচ্ছত্র অধিপতি।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অর্থনীতি বিষয়ক সম্পাদক আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা অবসরপ্রাপ্ত কর্নেল আবদুল লতিফ, খায়রুল কবীর খোকন, আবদুস সালাম আজাদ, হাবিবুল ইসলাম, আসাদুল করীম শাহিন ও আ ক ম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
