প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত: বিএনপি
বিএনপির চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়া ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পুনর্নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত’ বলেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার এক সমাবেশে তিনি বলেন, “এদেশের ইতিহাস যদি আমরা দেখি, দেখা যাবে যারা গণতান্ত্রিক আন্দোলন করেন, প্রত্যেক নেতা-নেত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং তারা আসামি হয়েছেন।
“আজকে সেই গণতন্ত্রের নেতা, জনগণের নেতা দেশনেত্রী খালেদা জিয়াকে কটাক্ষ করে অথবা আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেবকে কটাক্ষ করে যে কথাগুলো বলা হয়েছে, একথা কখনোই কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। গণতন্ত্রের পক্ষে সেটা যায় না।
“আমরা এহেন বক্তব্যের নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাচ্ছি।”
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির কাউন্সিলকে ‘নাটক’ আখ্যায়িত করে বলেন, “কাকে নির্বাচিত করল? দুজনই আসামি, একজন এতিমের টাকা চুরি করার মামলার আসামি, আরেকজন তো ২১ অগাস্ট মামলার পলাতক আসামি, তার নাম ইন্টারপোলে ওয়ান্টেড তালিকায় আছে।
“তাহলে এই দল আর কী দেবে?”
খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির পাঁচটি মামলা বিচারাধীন। তার ছেলে তারেক ২১ অগাস্টের গ্রেনেড হামলার মামলায় হুলিয়া মাথায় নিয়ে যুক্তরাজ্যে রয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে দুর্নীতিসহ একাধিক অভিযোগে অনেকগুলো মামলা রয়েছে।
গত রোববার বিনা প্রতিদ্বন্দ্বিতায় খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান স্ব স্ব পদে পুনর্নির্বাচিত হন। ২০০৯ সালের কাউন্সিলেও তারা একইভাবে পদে থাকেন।
সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশ এক কঠিন সময়ের মধ্য দিয়ে চলছে। যে দেশে গণতন্ত্র থাকে না, সে দেশে কারোরই অধিকার প্রতিষ্ঠিত হয় না। আজকে নারীদের কোনো নিরাপত্তা নেই, মর্যাদা নেই। তাদের অধিকারকে ক্ষুন্ন করা হচ্ছে।
“গত এক বছরের মধ্যে এদেশে যে নারী নির্যাতন হয়েছে, শিশু হত্যা হয়েছে, তা অতীতের সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে জাতিকে একটা উদ্বেগের মধ্যে ফেলেছে।”
এসবের পেছনে ‘জনগণের ভোট ছাড়া নির্বাচিত অগণতান্ত্রিক সরকার’কে দায়ী করে তিনি বলেন, “সেই কারণে আজ নারী ও শিশুদের ওপর নির্যাতন হচ্ছে।”
আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে ফখরুল বলেন, “আমরা তাদের পাশে আছি। একই সঙ্গে আমরা প্রত্যাশা করব, বাংলাদেশে সমস্ত নারী সমাজ গণতন্ত্রের দাবিতে সোচ্চার হবেন।”
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এই সমাবেশ হয়।
সংগঠনের সভানেত্রী নুরী আরা সাফার সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা সমাবেশের বক্তব্য রাখেন।
পরে একটি শোভাযাত্রা কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তোরাঁর মোড়ে ঘুরে আবার কার্যালয়ের সামনে শেষ হয়।
