পাড়ায় পাড়ায় নারী ব্রিগেড গড়ে পাল্টা আঘাত: সেলিম
নিজেদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনে পাড়ায় পাড়ায় ‘ব্রিগেড গড়ে পাল্টা আঘাত হানতে’ নারী সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে শুক্রবার রাজধানীতে এক নারী-গণসমাবেশে তিনি বলেন, “লুটেরা বুর্জোয়া শ্রেণির স্বার্থ রক্ষাকারী কোনো সরকারের পক্ষে নারীর অধিকার, নারী মুক্তি তো দূরের কথা, নারীর ন্যূনতম নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাও সম্ভব নয়।
“দেশের শ্রমজীবী মানুষসহ সব নারীকে তাদের অধিকারের জন্য সংগ্রাম করতে হবে। প্রয়োজনে নিরাপত্তার জন্যে নিজস্ব ব্রিগেড গড়ে পাল্টা আঘাত হানতে হবে।”
শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘নারীর প্রতি সকল শোষণ-বৈষম্য-নির্যাতন রুখো’ আহ্বান নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারী সেল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সেলিম।
“সমাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমেই সার্বিক নারীমুক্তি সম্ভব। তাই নারীমুক্তির লক্ষ্যে সমাজের বিপ্লবী পরিবর্তনের জন্য লড়াই করতে হবে। সেই লক্ষ্যে কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করতে হবে।”
এ সময় সিপিবির পরবর্তী কমিটিতে কমপক্ষে ২০ শতাংশ নারী সদস্য রাখার প্রতিশ্রুতিও দেন দলের সভাপতি সেলিম।
সিপিবি সভাপতি বলেন, “নারী সমাজ বর্তমানে আরও বেশি শোষণ ও ভোগের শিকার হয়ে পড়েছে। সস্তা শ্রমের লোভে কম মজুরিতে হাড়ভাঙা পরিশ্রম করিয়ে তাদের জীবনীশক্তি নিঃশেষ করা হচ্ছে। তাদেরকে ব্যবহার করা হচ্ছে বাড়তি মুনাফার লোভনীয় উৎস হিসেবে।”
বজার অর্থনীতির প্রভাবে সমাজে ভোগবাদ, দুর্বৃত্তায়নের কালো ছায়া নেমে এসেছে মন্তব্য করে তিনি বলেন, “এর প্রধান শিকার হয়ে পড়েছে নারী সমাজ। নারীর সম্ভ্রম এখন ভয়ঙ্কর হামলার মুখে। তাদের জীবনের নিরাপত্তাহীনতা বাড়ছে।”
নারীর অনেক অবদানেরই কোনো স্বীকৃতি নেই- অভিযোগ করে তিনি বলেন, “শোষিতদের মধ্যে নারী সবচেয়ে শোষিত। নারীর অবদান ও অধিকারকে অগ্রাহ্য করে সমাজের প্রগতি সম্ভব নয়।
“সাম্রাজ্যবাদ, মৌলবাদ, প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে প্রগতির ঝাণ্ডা নিয়ে নারীমুক্তির লড়াইকে বেগবান করতে হবে।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, “নারীরা শ্রম দিলেও তাদের বলা হচ্ছে তোমরা কেউ নও; তোমরা দাস, তোমাদের শৃঙ্খলবদ্ধ থাকতে হবে।
“তবে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, নারীরা প্রমাণ করেছে নারীদের জন্য পুরুষ না হলেও চলবে; কিন্তু তুমি পুরুষ তোমার জন্যই নারীদের প্রয়োজন।”
নারীর নির্যাতনের পাশাপাশি সব সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে নারীদের মাঠে নামার আহ্বান জানান তিনি।
লুনা নূরের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে কৃষকনেত্রী লীনা চক্রবর্তী, অধ্যাপক এ এন রাশেদা, ফেরদৌস আরা মাহমুদা হেলেন, মনিরা বেগম অনু, মাকসুদা আক্তার, শ্রমিকনেতা জলি তালুকদার, শোভা দে, জাহানারা বেগম, যুব ইউনিয়ন নেতা খুজিস্তা বেগম জোনাকী ও ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার বক্তব্য দেন।
এতে ঘোষণাপত্র পাঠ করেন সিপিবির নারী সেলের সদস্য শিমুল খান।
সমাবেশের শুরুতে গণসঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ও সাংস্কৃতিক ইউনিয়নের শিল্পীরা। আবৃত্তি পরিবেশন করেন মনীষা মজুমদার ও অনিন্দা সাহা তুলতুল।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন সংগঠনের নেতা-কর্মীরা। শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে শাহবাগে পৌঁছার পর সমাবেশ হয়।
