ইউপির দ্বিতীয় ধাপের জন্য আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রকাশ
দ্বিতীয় ধাপে ৬৭২টি ইউনিয়ন পরিষদে ভোটের জন্য মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
তিনি জানান, দ্বিতীয় ধাপে ৬৮৪টি ইউপির মধ্যে ১২টি স্থগিত থাকায় ৬৭২টি ইউনিয়নে প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে।
পাশাপাশি তৃতীয় ধাপের জন্য প্রার্থী নির্বাচনের জন্য জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে নামের তালিকা ৮ মার্চের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান হানিফ।
দ্বিতীয় ধাপের ইউপি ভোটের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২ মার্চ। ভোট হবে ৩১ মার্চ।
প্রথম ধাপে আগামী ২২ মার্চ ৭৩৯টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, “পৌর নির্বাচনে যারা দলের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নিয়েছে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। ইতোমধ্যে তাদের শোকজ পাঠানো হয়েছে। সামনের কার্যনির্বাহী সভায় তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।
“একইভাবে যারা ইউপি নির্বাচনে দলের মনোয়নের বাইরে গিয়ে নির্বাচন করবে তাদেরও দল থেকে বহিষ্কার করা হবে।”
বিএনপির প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না এমন অভিযোগের বিষয়ে হানিফ বলেন, “এসকল কথার কোনো ভিত্তি নাই। সরকারের বিরুদ্ধে নালিশ ছাড়া তাদের (বিএনপির) হাতে আর কিছু নেই। বিএনপি নালিশী দলে পরিণত হয়েছে।”
অর্ধশতাধিক ইউনিয়নে আওয়ামী লীগের একক প্রার্থীর বিষয়ে হানিফ বলেন, আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি আস্থা রেখে অনেক জায়গায় আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আহম্মদ হোসেন, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
