ইউপি ভোট: দ্বিতীয় ধাপের প্রার্থীর নাম সোমবার চায় আ. লীগ
দ্বিতীয় ধাপের ৬৮৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে একক প্রার্থীর নাম সোমবারের মধ্যে পাঠাতে বলেছে আওয়ামী লীগ।
রোববার ক্ষমতাসীন দলটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দ্বিতীয় ধাপের ৬৮৪ ইউপিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২ মার্চ। ভোট হবে ৩১ মার্চ।
দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটি-ওয়ার্ড কমিটির নেতাদের সঙ্গে বর্ধিত সভা করে একজন প্রার্থীর নাম সুপারিশ করবে।
.
স্থানীয় সরকার ইউপি নির্বাচনে দলের একক প্রার্থীর প্রত্যয়ন দিচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথমধাপে ৭৩৯ ইউপি’তে মনোনয়ন দাখিলের শেষ সময় সোমবার; ভোট হবে ২২ মার্চ।
এ ধাপের প্রার্থীর নাম পাঠাতে ১২ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি দিয়ে ১৫ ফেব্রুয়ারির মধ্যে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছিল।
আওয়ামী লীগ এসব ইউপির তৃণমূল থেকে পাঠানো একক প্রার্থীর তালিকা নিয়ে তিন দফা বৈঠক করে শুক্রবার চূড়ান্ত করে গণমাধ্যমে প্রচার করেছে।
