বাদীর সাক্ষ্য বাতিলে আপিল বিভাগেও সাড়া পাননি খালেদা
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর জবানবন্দি বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদন আপিল বিভাগেও সাড়া পায়নি।
রোববার প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ বিএনপি চেয়ারপারসনের আবেদনটি খারিজ করে দেয়।
এর ফলে মামলার কার্যক্রম চলতে এখন আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কৌঁসুলি খুরশীদ আলম খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তামাদি দিয়ে বারিত হওয়ায় (৮০ দিন) আবেদনটি খারিজ করে দিয়েছে আদালত।”
আগামী ৩ মার্চ বিচারিক আদালতে এ মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক হারুন অর রশীদকে আসামি পক্ষের জেরার দিন ধার্য রয়েছে।
এই মামলায় বাদীর জবানবন্দি বাতিল করে নতুন করে সাক্ষ্যগ্রহণের জন্য খালেদা জিয়ার করা আবেদন গত বছরের ২৯ জুন হাই কোর্টে খারিজ হয়। ওই বছরের ১৬ সেপ্টেম্বর আপিল বিভাগে আবেদন (লিভ টু আপিল) করেন তিনি।
চলতি বছরের ২০ জানুয়ারি আপিল বিভাগের চেম্বার বিচারপতি এর শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। তার ধারাবাহিকতায় রোববার আবেদনটি শুনানির জন্য উঠেছিল।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন রাগীব রউফ চৌধুরী। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন খুরশীদ আলম খান।
জিয়া এতিমখানা (অরফ্যানেজ) ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি করে দুদক। এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় ওই মামলায়।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০১০ সালের ৫ অগাস্ট মামলার অভিযোগপত্র হয়। এরপর গত বছরের ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে তাদের বিচার শুরু হয়।
বার বার তাগিদ দেওয়ার পরও জামিনে থাকা খালেদা নির্ধারিত দিনে আদালতে না আসায় পাঁচ দিন তার অনুপস্থিতিতেই বাদীর সাক্ষ্য শোনে আদালত।
পুরান ঢাকার বকশীবাজারে কারাগারের মাঠের বিশেষ এজলাসে জিয়া এতিমখানা ট্রাস্ট্রের সঙ্গে জিয়া দাতব্য ট্রাস্ট মামলার বিচারও চলছে।
অভিযোগ গঠনের পর তার বৈধতা ও অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করেও উচ্চ আদালতে গিয়েছিলেন খালেদা। তার এসব আবেদন আপিলেও খারিজ হয়ে যায়।
