২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার নামে টাঙ্গাইল মেডিকেল কলেজ: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে টাঙ্গাইল মেডিকেল কলেজের নামকরণের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 10:35 PM

Updated : 12 Apr 2022, 01:20 AM

মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।

এর আগে টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সানোয়ার হোসেন প্রধানমন্ত্রীর নামে এই মেডিকেল কলেজের নামকরণের দাবি তোলেন।

অনিধারিত আলোচনায় অংশ নিয়ে সানোয়ার বলেন, “আজ টাঙ্গাইল জেলার মানুষের আনন্দের দিন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি একযোগে ৬টি সরকারি ও ৫টি আর্মস ফোর্সের মেডিকেল কলেজের উদ্বোধন ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার) একনেকের বৈঠকে টাঙ্গাইল মেডিকেলের জন্য ৬৩৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। এজন্য টাঙ্গাইলের ৪০ লাখ মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।”

এরপর তিনি স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি জানান, টাঙ্গাইল মেডিকেল কলেজটি যেন শেখ হাসিনার নামে হয়।

স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, “একথা সর্বজনস্বীকৃত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যখাতে বিপ্লব ঘটেছে। তার নেতৃত্বে শিশু ও মাতৃমৃত্যু উল্লেখযোগ্য হারে কমে গেছে।

“প্রধানমন্ত্রী  টাঙ্গাইলে গিয়ে সেখানে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। তিনি সেই প্রতিশ্রুতি পূরণ করছেন। মাননীয় সংসদ সদস্যের প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে আমি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এই ঘোষণা দিচ্ছি টাঙ্গাইল মেডিকেল কলেজের নাম শেখ হাসিনার নামেই হবে।”