টাঙ্গাইল-৪ উপ-নির্বাচনের জট কাটার রায় ৪ ফেব্রুয়ারি
কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকীর যে আবেদনে আটকে আছে টাঙ্গাইল-৪ আসনে উপ-নির্বাচন, তার রায় হবে আগামী ৪ ফেব্রুয়ারি।
ভাই আবদুল লতিফ সিদ্দিকীর পদত্যাগের কারণে শূন্য কালিহাতীর ওই আসনে উপ-নির্বাচনে প্রার্থী হতে কাদের সিদ্দিকীর দাখিল করা মনোনয়নপত্র বাতিল করেছিল ইসি।
অগ্রণী ব্যাংকে খেলাপি ঋণের কারণ দেখিয়ে প্রার্থিতা বাতিলের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কাদের সিদ্দিকী রিট আবেদন করলে হাই কোর্ট স্থগিতাদেশে উপ-নির্বাচন আটকে যায়।
ওই রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে রোববার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ রায়ের দিন ঠিক করেন।
সাবেক সংসদ সদস্য কাদের সিদ্দিকীর পক্ষে শুনানিতে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ব্যারিস্টার মুহাম্মদ ইয়াসীন খান নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে অংশ নেন।
ইয়াসীন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ১৩ জানুয়ারি থেকে শুনানি শুরু হয়েছিল। আজ (রোববার) চূড়ান্ত শুনানি শেষে আগামী ৪ ফেব্রুয়ারি রায়ের দিন রাখা হয়েছে।”
হজ নিয়ে মন্তব্যের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এবং মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পর লতিফ সিদ্দিকী পদত্যাগ করেছিলেন। এরপর ইসি গত ১০ নভেম্বর ভোটের দিন ঠিক করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করলে কাদের সিদ্দিকীসহ মোট ১০ জন মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান গত ১৩ অক্টোবর বাছাই শেষে কাদের ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। ঋণ খেলাপের কারণ দেখিয়ে কাদের ও নাসরিনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এরপর প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন কাদের ও নাসরিন সিদ্দিকী। কিন্তু কমিশনের শুনানিতেও তাদের আবেদন টেকেনি।
প্রার্থিতা বাতিলের পর সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী
এরপর এক সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী অভিযোগ করেন, তাকে ‘ঋণ খেলাপি’ বানাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ‘ছলনার’ আশ্রয় নিয়েছে। তিনি এর বিরুদ্ধে আদালতে যাবেন।
প্রার্থিতা ফিরে পেতে ২০ অক্টোবর হাই কোর্টে তিনি রিট আবেদন করলে প্রাথমিক শুনানি নিয়ে পরদিন আদালত কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশসহ রুল দেয়।
হাই কোর্টের আদেশে ২২ অক্টোবর সব প্রার্থীদের সঙ্গে কাদের সিদ্দিকীকেও প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। এরপর তার মনোনয়নপত্র নিয়ে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে ২৬ অক্টোবর সুপ্রিম কোর্টে আবেদন করে নির্বাচন কমিশন।
পরদিন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন এবং ওই সময় পর্যন্ত টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখতে বলেন।
এরই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর নির্বাচন কমিশনের আবেদনটি আপিল বেঞ্চে ওঠে। শুনানি শেষে আদালত তা নিষ্পত্তি করে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে দেওয়া রুল ৩১ জানুয়ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশনা দিয়ে এই সময় পর্যন্ত টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করে।
