টাঙ্গাইল উপ নির্বাচন স্থগিত
আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তার আইনি লড়াইয়ের মধ্যে টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচন প্রক্রিয়া ২ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট।
কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিতের যে আবেদন নির্বাচন কমিশন করেছে, তা শুনানির জন্য ওই দিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের করা আবেদন শুনে মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেয়।
কাদের সিদ্দিকীর ভাই আবদুল লতিফ সিদ্দিকীর পদত্যাগে শূন্য টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনে উপ-নির্বাচনের সব প্রক্রিয়া সারা হয়েছে। আগামী ১০ নভেম্বর ভোটগ্রহণের দিন ঠিক রয়েছে। তার আগেই আদালতের স্থগিতাদেশ এল।
আদেশের পর অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, “নির্বাচন স্থগিত করার পেছনে যুক্তি হল, কাদের সিদ্দিকী একজন খেলাপি ঋণ গ্রহীতা কি না, উনি ডিফল্টার কি না, এটা নিষ্পত্তি না হয়ে যদি নির্বাচনটা হয়, তাহলে সেটা আইনগতভাবে সঠিক হবে না।”
“আদালত আপাতত নির্বাচন প্রক্রিয়াটাকে স্থগিত করে দিয়েছে, এটা পূর্ণাঙ্গ আদালত শুনবেন, ফুল কোর্ট শুনে এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন, তারপরই নির্বাচনের প্রক্রিয়াটা চলবে,” বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যার্টনি জেনারেল বলেন, “এই আদেশের ফলে নির্বাচন যে তারিখ ছিল সেটা থাকছে না। ১০ তারিখে ভোট গ্রহণের তারিখ থাকছে না।”
কাদের সিদ্দিকীর একটি নির্মাণ প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ‘ঋণ খেলাপ করেছে’ যুক্তি দেখিয়ে গত ১৩ অক্টোবর তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে তা ১৮ অক্টোবর খারিজ হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে তিনি ২০ অক্টোবর হাই কোর্টে রিট আবেদন করেন।
এই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে পরদিন আদালত কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশসহ রুল দেয়।
আবদুল কাদের সিদ্দিকী
হাই কোর্টের আদেশে ২২ অক্টোবর সব প্রার্থীদের সঙ্গে তাকেও প্রতীক বরাদ্দ দেয় রিটার্নিং কর্মকর্তা। দলীয় প্রতীক গামছা পান কাদের সিদ্দিকী। আওয়ামী লীগের প্রতীক নৌকা পান হাসান ইমাম খান সোহেল হাজারী।
এরপর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে ২৬ অক্টোবর সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন নির্বাচন কমিশন, যার ওপর মঙ্গলবার শুনানি হয়।
আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ইসির প্যানেল আইনজীবী মুহাম্মদ ইয়াসীন খান।
কাদের সিদ্দিকীর পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী রুবায়েত হোসেন ও রাগীব রউফ চৌধুরী।
ব্যারিস্টার রাগীব রউফ বলেন, “হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশন আবেদন নিয়ে এসেছিল। আদালত মনে করেছেন, যেহেতু বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি প্রয়োজন ও পাঠানো হয়েছে, সে কারণে আপাতত এই নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।”
মাহবুবে আলম বলেন, ১০ নভেম্বর ভোটগ্রহণের তারিখ পরিবর্তিত হলেও অন্য সব ঠিক থাকবে। পুনঃতফসিল হবে শুধু ভোট গ্রহণের তারিখের বিষয়ে।
খেলাপি ঋণ বিতর্ক
দশম সংসদ নির্বাচন বর্জনকারী কাদের সিদ্দিকী এর আগে টাঙ্গাইলের বাসাইল-সখিপুর আসনে উপ-নির্বাচনে প্রার্থী হতে চেয়েও খেলাপি ঋণের কারণে আটকে গিয়েছিলেন। তখন আদালতে গিয়েও ফল পাননি তিনি।
এবারও একই পরিস্থিতির মুখোমুখি হয়ে এই রাজনীতিক দাবি করছিলেন, তাকে ভোটে যেতে বাধা দেওয়া হচ্ছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির ‘ছলনার’ শিকার হন তিনি।
অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম মঙ্গলবার সাংবাদিকদের বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দুদিন আগে অগ্রণী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংককে জানিয়েছে, কাদের সিদ্দিকীর ঋণ ‘খারাপ লোন’। এটা কোনোভাবে ডিক্ল্যাসিফাইড হতে পারে না, এটি ক্ল্যাসিফাইডই থাকা উচিত।
সুপ্রিম কোর্ট
অগ্রণী ব্যাংকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক নির্বাচন কমিশনকে কাদের সিদ্দিকীর খেলাপি ঋণের বিষয়টি জানায় বলে তিনি জানান। তার পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা কাদের সিদ্দিকী মনোনয়নপত্র বাতিল করেন।
মাহবুবে আলম বলেন, কাদের সিদ্দিকীকে ঋণদাতা ব্যাংক যেখানে খেলাপি ঋণ গ্রহীতা হিসেবে তাকে দেখাচ্ছে, সেখানে তো বাংলাদেশ ব্যাংকের অন্য কোনো ভূমিকা থাকতে পারে না।
“আমাদের এখানে সামান্য একটি বিদ্যুৎ বিল বকেয়া বিল থাকার কারণে সংসদ নির্বাচন করতে পারেননি, এমন নজিরও আছে। আর ১০ কোটি টাকা ঋণ রেখে একজন নির্বাচন করবেন, এটা তো হতে পারে না,” বলেন তিনি।
মাহবুবে আলম বলেন, “তাকে যে সুবিধাটা দিয়েছে তার ব্যাংক, সেটি হল ১০ কোটি টাকার সুদ মাফ করে দিয়েছে। ১০ কোটি টাকা ১০ বছরের ভেতর শোধ করার সুযোগ দিয়েছে। এর অর্থ এই না যে উনি ডিক্লাসিফাইড হয়ে গেছেন।”
অন্যদিকে রাগীব রউফ সাংবাদিকদের বলেন, “আমাদের বক্তব্য হচ্ছে ব্যাংক যেহেতু ওই ঋণ পুনঃতফসিল করেছে সে কারণে তিনি (কাদের সিদ্দিকী) ঋণ খেলাপি নন। ঋণ খেলাপি না হওয়ার কারণেই তাকে প্রার্থী হিসেবে হাই কোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়।
“একটি ঋণ যদি পুনঃতফসিল করা হয় বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে, সেক্ষেত্রে তিনি কোনোভাবেই ঋণ খেলাপি থাকতে পারেন না।”
