মোশাররফের আবেদন খারিজ, মামলা চলবে
অর্থ পাচার মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল ও মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের আবেদনে সাড়া দেয়নি হাই কোর্ট।
বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের হাই কোর্ট বেঞ্চ বুধবার ওই আবেদন ‘উপস্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দেয়।
মোশাররফের বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা চলতে আইনগত আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
আদেশের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আগামী ২৪ জানুয়ারি এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন রয়েছে।
গত বছর ২৮ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান এ মামলায় মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর আদেশ দেয়।
ওই আদেশের বিরুদ্ধে চলতি মাসে হাই কোর্টে রিভিশন আবেদন করেন খন্দকার মোশাররফ, যার ওপর শুনানি শেষে মঙ্গলবার তা খারিজ হলো।
আদালতে খন্দকার মোশাররফের পক্ষে শুনানি করেন আইনজীবী নিতাই রায় চৌধুরী, সঙ্গে ছিলেন ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা পাচারের অভিযোগে ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি খন্দকার মোশাররফের বিরুদ্ধে এই মামলা করে দুদক।
মামলা হওয়ার পর তিনি হাই কোর্ট থেকে আগাম জামিন নিলেও আপিল বিভাগ পরে তা বাতিল করে। এরপর ২০১৪ সালের ১২ মার্চ গুলশানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
শেষ পর্যন্ত আপিল বিভাগের দেওয়া জামিনেই গত সপ্তাহে মুক্তি পান খন্দকার মোশাররফ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক খন্দকার মোশাররফের দাবি, মামলায় যে অর্থ পাচারের কথা বলা হয়েছে তা অবৈধভাবে অর্জিত নয়, পাচারও করা হয়নি। তিনি গবেষণার জন্য বিদেশে থাকাকালে এই অর্থ উপার্জন করেছিলেন।
তার আইনজীবী নিতাই রায় চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগ গঠন বাতিল ও মামলার কার্যক্রম স্থগিত চেয়ে রিভিশন আবেদনটি করা হয়েছিল। আদালত উত্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছে। পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
