২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ ‘রাজা’ হলে শেখ হাসিনা কোথায়, প্রশ্ন গয়েশ্বরের

নিজেকে ‘দেশের রাজা’ দাবি করে এক পুলিশ সদস্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক কর্মকর্তাকে ‘নির্যাতন’ করেছেন বলে অভিযোগ ওঠার প্রেক্ষাপটে সরকারপ্রধান শেখ হাসিনার পদত্যাগ চেয়েছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2016, 07:39 PM

Updated : 12 Apr 2022, 01:13 AM

শনিবার দলীয় এক সভায় তিনি বলেন, “কালকে পুলিশ তাকে ধইরা এমন ধোলাই দিছে, আবার বলছে কি- ‘মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ’। শেখ হাসিনাকে বলব, আজকেই পদত্যাগ করেন। পুলিশ যখন দাবি করেছে, তারা দেশের রাজা। তাহলে আপনি কোথায়?

“সুতরাং দেশের রাজা যখন পুলিশ হয়ে গেছে, তখন শুধু আমাদেরই দুর্গতি না, শেখ হাসিনার জন্যও দুর্গতি কম অপেক্ষা করতেছে না।”

এর আগে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তাকে পুলিশের নাজেহাল করার কথা উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর বলেন, “এরকম অবস্থার মধ্যে আমরা বসবাস করছি। পত্রিকাও এই অবস্থার মধ্যে লিখতে পারে না।

“তারপরও এর মধ্যে যতটুকু লেখছে, তাতেই জনগণ জানতে পারছে।”

শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের মারধরের শিকার হন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিদর্শক (পরিষ্কারও পরিচ্ছন্ন) বিকাশ চন্দ্র সাহা।

তার কয়েকদিন আগে মোহাম্মদপুরে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতন করে পুলিশের এসআই মাসুদ শিকদার, যাকে এর মধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও এম কে আনোয়ারসহ কারাবন্দি নেতাদের মুক্তির ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ২০ জানুয়ারি দুপুরে ২টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিকালে নয়া পল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির এই সভা হয়, যে কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস।

সভায় নেতাকর্মীদের ‘দলবেঁধে পালিয়ে না’ থেকে ঐক্যবদ্ধ আন্দোলনে নামার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, “এই সভায় শ্লোগান তো দিলাম- জেলের তালা ভাঙব। ঘরের বসে কী জেলের তালা ভাঙা যায়? জেলের তালা ভাঙতে হলে যথাসময়ে যথাস্থানে থাকতে হয়।”

ঢকায় দলের অবস্থান শক্তিশালী করার তাগিদ দিয়ে তিনি বলেন, “হাসিনার ৫ জানুয়ারির নির্বাচনে রাজত্ব চলে গিয়েছিল, রাজধানী ঢাকা তা রক্ষা করেছে। সব সরকারের পতন রাজধানীতেই হয়।”

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ১৮ ও ১৯ জানুয়ারি দুদিনের কেন্দ্রীয় কর্মসূচি সফল করার বিষয় নিয়ে সভায় আলোচনা হয়।

জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর জানাজায় মানুষের অংশগ্রহণকে ‘বিএনপির প্রতি মানুষের ব্যাপক সমর্থনের’ প্রমাণ হিসেবে অভিহিত করেন গয়েশ্বর।

“জনস্রোত প্রমাণ করে দিয়েছে, মানুষ কার পেছনে আছে। কোকো রাজনীতিবিদ ছিলেন না, তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছেলে বলেই ঢাকার মানুষ সেদিন জানান দিল- ‘বেগম খালেদা জিয়া ভয় নাই, আমরা আপনার পাশে আছি।”

ভেদাভেদ ও বিভক্তি ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাশারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে দলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুঁইয়া, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।