জনগণ চাইলে 'অবৈধ দল' ঘোষিত হবে বিএনপি: হানিফ
দেশের জনগণ চাইলে বিএনপি 'অবৈধ দল' হিসেবে ঘোষিত হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
বুধবার সন্ধায় আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে সাংবদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিএনপি অবৈধ হবে কিনা সেটা সময়ই বলে দেবে।
"এদেশের সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণ যদি অবৈধ একটি দলকে ‘অবৈধ’ হিসেবে দেখতে চায় বা ঘোষণা করতে চায়, তাহলে- জনগণ ইচ্ছা করলে হয়তো সেটা পরবর্তীতে হতেও পারে।”
জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপির ডাকা সংবাদ সম্মেলনের জবাবে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে তালিকাভুক্ত করার আহ্বান এসেছে বলে সংবাদ সম্মেলনে জানান হানিফ।
তিনি বলেন, "তাদের কাউন্সিলরদের মধ্য থেকেই বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ডের ওপর বিচার-বিশ্লেষণ করে তাদের (বিএনপি) সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করার আবেদন উঠেছে।"
বিএনপিকে 'পাকিস্তানের এজেন্ট ও প্রেতাত্মা' আখ্যায়িত করে দলটি প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে অসত্য ও মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে দাবি করেন আওয়ামী লীগের এই নেতা।
বিএনপির 'মিথ্যাচারের তীব্র নিন্দা ও ধিক্কার' জানান সংসদ সদস্য হানিফ।
দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ের মাধ্যমে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী নেতৃত্বাধীন জোট সরকারের দু্ই বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর প্রতিক্রিয়ায় বুধবার ডাকা এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ 'অর্থনীতির লুটপাটের মহাসড়কে' গেছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
আর প্রধানমন্ত্রীর ভাষণকে রুটিন বক্তব্য’ আখ্যায়িত তা 'জাতিকে হতাশ করেছে' বলে মন্তব্য করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ নেতা হানিফ বলেন, "প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ হয় নাই, শুধুমাত্র হতাশ হয়েছে বিএনপি নেতারা। কারণ বিএনপি বর্তমান সরকারের অভাবনীয় উন্নয়ন সাফল্য দেখে হতাশ হয়েছে।
"আমরা বারবারেই বলে এসেছি বর্তমান বাংলাদেশে রাজনৈতিক সংকট নেই। সংকট আছে পাকিস্তানি খালেদা এবং তার দল বিএনপির মধ্যে, সাধারণ জনগণের মধ্যে নেই। "
হানিফ আরও বলেন, “আজকে লুটপাটের টাকা ছিল বলেই বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান গত সাত বছর লন্ডনে অবস্থান করে বিলাসী জীবন যাপন করছে। এই যে বিলাসী জীবন যাপন করছে-এই টাকা আপনাদের নেতা তারেক রহমান কোথা থেকে পাচ্ছে।
"আপনারাই তো বলেছেন, ওখানে তারেকের কোনো আয়ের উৎস নেই। তাহলে সাত বছর ধরে কিভাবে আরাম-আয়েশে বিলাসী জীবন যাপন করছে?," এমন প্রশ্ন রাখেন তিনি।
একই সঙ্গে বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার চলমান বিভিন্ন দুর্নীতির মামলার প্রসঙ্গও উল্লেখ করেন হানিফ।
সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, ফরিদুন্নাহার লাইলী, আবদুস সোবহান গোলাপ, আফজাল হোসেন, আব্দুল মতিন খসরু, আব্দুস সাত্তার ও কার্যনির্বাহী সদস্য এনামুল হক শামীম উপস্থিত ছিলেন।
