ইউপি নির্বাচন নিয়ে সরকারের বিকল্প চিন্তা নেই: কাদের
আইন অনুযায়ী পৌরসভার মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনও দলীয়ভাবে হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ নিয়ে সরকারের কোনো বিকল্প চিন্তা নেই।
বুধবার চট্টগ্রামের ইছানগর এলাকায় একটি সড়কের উদ্বোধন করতে এসে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
আওয়ামী লগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, "সংসদে পাশ হওয়া আইন অনুযায়ী দলীয় প্রতীকে চেয়ারম্যান এবং নির্দলীয় প্রতীকে মেম্বার নির্বাচন হবে।
"পৌর নির্বাচনের মতো এটা দলীয়ভাবে হবে, এনিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই।"
মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “সংসদ আইন পাশ করেছে। পাশ করার সঙ্গে সঙ্গে আবার আইন সংশোধন করার চিন্তা সরকারের নেই।”
দলীয় প্রতীকে নির্বাচন করার জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা সফল হয়েছে বলে দাবি করে আগামী নির্বাচনগুলোও দলীয়ভিত্তিতে সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গত ৩০ ডিসেম্বর সারা দেশে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন ‘শান্তিপূর্ণ’ হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেন, “এই নির্বাচন শতাভাগ শুদ্ধ হয়েছে, এটা আমি বলব না। তবে গত তিনটি নির্দলীয় নির্বাচনের চেয়ে দলীয় ভিত্তিতে এই নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে।”
পৌরসভা নির্বাচনে উত্তেজনা সংঘাতের অবতারণা এবং চট্টগ্রাম ছাড়া কোথাও কোনো ক্যাজুয়ালিটিও হয়নি।
চট্টগ্রামের কর্ণফুলী থানার ইছানগর এলাকায় আরবান আলী সড়কটি বিএফডিসি-ডায়মন্ড নামে পরিচিত।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে থাকা এই সড়ক প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ক ও সেতু মন্ত্রণালয়কে হস্তান্তর করা হয় বলে সংস্কার কাজ শেষে উদ্বোধনীতে এসে জানান মন্ত্রী ওবায়দুল কাদের।
ইছানগর এলাকার আড়াই কিলোমিটার দৈর্ঘ্য ইটের এই সড়ক নয় কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে আরসিসি ঢালায় দিয়ে সংস্কার করা হয়।
সড়ক পরিবহন মন্ত্রী জানান, আগামী জুন মাসের মধ্যে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ কাজের উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
ডিসেম্বর-জানুয়ারি মাসে চীনের প্রেসিডেন্ট আশার কথা থাকলেও মার্চ-এপ্রিলের দিকে তার আসার সম্ভাবনা রয়েছে বলে জানান ওবায়দুল কাদের।
চীনের প্রেসিডেন্ট টানেলের উদ্বোধন করবেন জানিয়ে মন্ত্রী বলেন, “তিনি যদি না আসেন, তখন কাজ শুরু করে দেওয়া হবে।”
এছাড়া টানেলের প্রস্তুতি প্রক্রিয়াও শেষ হয়েছে বলে জানান তিনি।
