২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরকার সংস্কৃতিবান মানুষের: বদরুদ্দোজা

‘আকাশ সংস্কৃতি’র বিস্তারে বাংলাদেশে সামাজিক অবক্ষয়ের শঙ্কা প্রকাশ করে দেশীয় সংস্কৃতিকে সামনে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 05:39 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “বাংলাদেশে এখন অত্যন্ত বড় প্রয়োজন সংস্কৃতিবান মানুষের, প্রয়োজন সংস্কৃতিবান সমাজের।

“আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সংস্কৃতিবান সমাজ গড়ে তুলতে হবে।”

দেশীয় সংস্কৃতির প্রসঙ্গে টেনে বি চৌধুরী বলেন, “আজকে আকাশ সংস্কৃতির যুগ। আকাশ সংস্কৃতির মাধ্যমে আমাদের কাছে অসংখ্য জিনিস আসছে, যা আমাদের দেশকে, সমাজকে, সমাজের মানুষগুলোকে অনায়াসে ভেঙে দিতে পারে, চুরমার করে ফেলতে পারে। এ ব্যাপারে সর্তক থাকতে হবে।”

এক্ষেত্রে সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি উল্লেখ করে তিনি বলেন, “কিন্তু যখন যে-ই ক্ষমতায় এসে যায়, একথাগুলো সম্পূর্ণ ভুলে যায়।”

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে চাষী নজরুল ফাউন্ডেশনের উদ্যোগে প্রয়াত চলচিত্রকার চাষী নজরুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে চাষী নজরুল ফাউন্ডেশনের প্রকাশনায় ‘কালজয়ী চলচিত্রকার চাষী নজরুল ইসলাম’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বি চৌধুরী।

ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৫ সালের ১১ জানুয়ারি মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত চলচিত্র ‘ওরা ১১ জন’ এর নির্মাতা চাষী নজরুল ইসলামের মৃত্যু হয়।

অধ্যাপক বি চৌধুরী বলেন, “চাষী নজরুল এক কিংবদন্তী ছিলেন। আমরা আজকে মুক্তিযুদ্ধ ভুলে যাচ্ছি। সেই মুক্তিযুদ্ধ নিয়ে তিনি ‘ওরা ১১ জন’ নির্মাণ করেছিলেন।

“তার ছবিতে দেশের সত্যিকারের সমাজচিত্র, দেশের মানুষের সুখ-দুঃখ-বেদনা ফুটে উঠতো, যা এখন ছবিতে দেখা যায় না।”

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী প্রয়াত চাষী নজরুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “আমরা একাত্তর সালে জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। এখন আমরা হারিয়ে গেছি। কিন্তু চাষী নজরুল ‘ওরা ১১ জন’ নির্মাণ করে এখনো মানুষের হৃদয়ে জীবিত হয়ে আছেন। তিনি সব সময় জীবন্ত হয়ে থাকবেন এদেশের মানুষের কাছে।”

দেশে মুক্তিযোদ্ধাদের সম্মান নেই অভিযোগ করে তিনি বলেন, ‘‘আমরা মুক্তিযুদ্ধ করেছি, এখন কি না আওয়ামী লীগের উঠতি নেতারা বলেন, মুক্তিযুদ্ধের দলিল দেখাতে। কিন্তু তাদের বলব, একাত্তরে যুদ্ধের পর বঙ্গবন্ধুর পায়ের কাছে আমি লক্ষাধিক অস্ত্র বিছিয়ে দিয়েছিলাম।”

চাষী নজরুলের সহধর্মিনী জ্যোৎস্না কাজীর সভাপতিত্বে স্মরণসভায় সাংবাদিক মাহফুজউল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, চিত্রনায়ক মান্নার সহধর্মিনী শেলী মান্না, চলচ্চিত্রকার সাইদুর রহমান সাঈদ, অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, সংগীতশিল্পী মনির খান, জাতীয়তাবাদী সম্মিলিত সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম ও চাষী নজরুলের ছোট মেয়ে আন্নী ইসলাম বক্তব্য দেন।