কেন এই স্ববিরোধিতা: খালেদাকে মোজাম্মেল
খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ৩০ লাখ বললেও এখন ‘পাকিস্তানীদের সঙ্গে গলা মেলাতে’ ‘স্ববিরোধী’ বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী থাকাবস্থায় খালেদা জিয়ার স্বাধীনতা ও বিজয় দিবসের বাণীতে ‘৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা’ কথাটি অন্তত ২০ বার এসেছে।
“সে সময় এ কথা বললেও এখন পাকিস্তানের সঙ্গে কণ্ঠ মেলানোর জন্য বলছেন, মুক্তিযুদ্ধে এত লোক শহীদ হয় নাই। কেন এই স্ববিরোধিতা?” প্রশ্ন রাখেন তিনি।
গত ২১ ডিসেম্বর রাজধানীতে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপিপ্রধান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেন।
তিনি বলেন, “আজকে বলা হয়, এতো লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানারকম তথ্য আছে।”
পাকিস্তানের সংসদে আলোচনার তিনদিনের মাথায় একই রকম বক্তব্য দেওয়ায় খালেদাকে ‘পাকিস্তানের সহযোগী’ হিসেবেও অভিহিত করেন মন্ত্রী মোজাম্মেল হক।
বক্তব্যে সর্বোচ্চ আদালতে নিজামীর ফাঁসির দণ্ডাদেশ বহাল থাকায় সন্তুষ্টি প্রকাশ করেন একাত্তরের ১৯ মার্চ গাজীপুরে প্রথম প্রতিরোধ যুদ্ধের এই সংগঠক।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ বুধবার নিজামীর আপিল আংশিক মঞ্জুর করে দেড় বছর আগে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির দণ্ডাদেশই বহাল রাখে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, “নিজামীর ফাঁসির রায় বহাল থাকার খবর পেয়েছি। আজকের এই রায়ে এখানকার জনতা সন্তুষ্টি প্রকাশ করছে।”
একাত্তরে গণহত্যা, সম্পদ লুণ্ঠন ও ধর্ষণকারী দল জামায়াতের রাজনীতি করার অধিকার থাকতে পারে না মন্তব্য করে তিনি বলেন, “রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়ে তারা আঙ্গুল ফুলে কলাগাছ নয়, বটবৃক্ষে পরিণত হয়েছে। তাদের সেই সম্পদ বাজেয়াপ্ত করে মুক্তিকামী মানুষের কল্যাণে ব্যয় করতে হবে।”
পাকিস্তান ‘চিহ্নিত ১৯৫ জন যুদ্ধাপরাধী’র বিচার না করে ‘চুক্তি ভঙ্গ করেছে’ বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি’র সমাবেশ থেকে নির্বাচন নিয়ে খালেদার আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেন মন্ত্রী বলেন, “কার সঙ্গে আলোচনা হবে? যিনি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন তার সঙ্গে কোনো আলোচনা হতে পারে না।
“মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে দেওয়া বক্তব্যের জন্য দোষ স্বীকার করে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা হতে পারে না।”
একাত্তরের বদরবাহিনী প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসি বহাল রাখার দাবিতে ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার’ ওই অবস্থান কর্মসূচির আয়োজন করে।
