২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে বাদ দিয়ে দল গোছান: বিএনপিকে আওয়ামী লীগ

খালেদা জিয়ার সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করে উল্টো তাকে বাদ দিয়ে দল গোছাতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 04:42 PM

Updated : 11 Oct 2022, 07:32 PM

পুরনো খবর:

‘গণতন্ত্রের জন্য’ সংলাপ, নির্বাচন চাইলেন খালেদা

দশম সংসদ নির্বাচনের দুই বছর পূর্তিতে মঙ্গলবার বায়তুল মোকাররমের দক্ষিণ ফটক এবং ধানমণ্ডির রাসেল স্কয়ারে আওয়ামী লীগের ‘গণতন্ত্রের বিজয় দিবসের’ দুটি জনসভায়ই ক্ষমতাসীন দলের নেতাদের মুখে ছিল এই সুর।

ওই নির্বাচন বর্জনকারী বিএনপি দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে।  নয়া পল্টনে এদিনের জনসভায় দলটির প্রধান খালেদা জিয়া আবারও সংলাপে বসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

গত বছরের এই দিনটিতে কর্মসূচিতে বাধা পাওয়ার পর লাগাতার অবরোধ ডেকেছিলেন বিএনপি চেয়ারপারসন। তিন মাসের ওই কর্মসূচিতে নাশকতায় মারা যায় শতাধিক মানুষ।

ওই নাশকতার কথা তুলে বায়তুল মোকাররম ফটকে জনসভায় বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, “যারা দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করে, তারা দেশকে আফগানিস্তান ও পাকিস্তানের মতো জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়।”

Image
জনসভায় আমির হোসেন আমু

জনসভায় আমির হোসেন আমু

খালেদাকে বাদ দিয়ে দলকে নতুন করে সাজানোর পরামর্শ দেন ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

“খালেদা জিয়া মনেপ্রাণে পাকিস্তানি। আমি বিএনপি নেতাদের বলব- অবিলম্বে এই পাকিস্তানি খালেদা জিয়াকে দল থেকে বের করে দিয়ে দলকে ঢেলে সাজান। তাহলে সত্যিকার বিরোধী দল হিসাবে মানুষ আপনাদের গণ্য করবে।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, “আমরা করছি বিজয় দিবস। আর উনি (খালেদা জিয়া) করছেন বিলাপ দিবস। উনি বিলাপেই আছেন। উনার বিজয়ের মুখ দেখতে হবে না।”

সহিংস রাজনৈতিক কর্মসূচির জন্য খালেদা জিয়াকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

রাসেল স্কয়ারের সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ করে বলেন, “আড়াই হাজার মানুষ হত্যা করে এখন কোন মুখে আলোচনার কথা বলেন?

“মানুষ হত্যা করেছেন, ট্রেনে আগুন দিয়েছেন, নাশকতা করেছেন। আজকের সমাবেশে উনি আলোচনার কথা বলেছেন। যুদ্ধাপরাধী-হত্যাকারীদের সঙ্গে কীসের আলোচনা?”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চাইতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে শেখ সেলিম বলেন, “আপনার চোখের জল, নাকের জল এক হয়ে যাবে। মাফ পাবেন না। আপনার মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।”

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়া রাজনৈতিক পরাজয় ঘটেছে।

“আপনার আরও পরাজয় হবে। এবার পৌর নির্বাচনে যে অবস্থা হয়েছে, ২০১৯ সালেও একই অবস্থা হবে। মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে।”

তোফায়েল বলেন, “উনি উনার দলের নেতা-কর্মীদেরও বিভ্রান্ত করছেন। পত্রিকায় আজকে এসেছে, বিএনপির নেতারা বলছেন, খালেদা জিয়া আর তার লন্ডনে থাকার ছেলের জন্য বিএনপি ধ্বংসের দ্বারপ্রান্তে।”

রাসেল স্কয়ারের সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, “বেগম জিয়াকে জামাত ছাড়তে হবে। খুনিদের ছাড়তে হবে।

“আপনি নির্বাচনের মাঠে, আন্দোলনের মাঠে, রাজনীতির মাঠে পরাজিত। ২০১৯ এর নির্বাচনেও আপনি পরাজিত হবেন।”

সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়াকে জনসভা করতে না দিতেও আপত্তি জানান হানিফ।

বায়তুল মোকাররমের সমাবেশে তিনি বলেন, “৭ মার্চ যে জায়গায় বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন, ১৬ ডিসেম্বর যে জায়গায় পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল, সেই সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের সমাবেশ করার কথা ছিল। বিএনপি সুপরিকল্পিতভাবে ওখানে সমাবেশ করার ঘোষণা দিয়ে আমাদের সমাবেশ পণ্ড করে দেয়।”

“আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, স্বাধীনতার স্মৃতি বিজড়িত ওই জায়গায় পাকিস্তানের দালাল খালেদা জিয়া ও তার দলের সভা-সমাবেশ করার কোনো নৈতিক অধিকার নেই।”

Image
জনসভায় সৈয়দ আশরাফুল ইসলাম

জনসভায় সৈয়দ আশরাফুল ইসলাম

এই সমাবেশের সভাপতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গত বছরের প্রথম তিন মাসের সহিংস রাজনৈতিক কর্মসূচির কথা তুলে ধরে বলেন, “কীসের জন্য খালেদা জিয়া আন্দোলন করেছিলেন?

“অর্থনীতির ক্ষতি হল ৭০ হাজার ১৫০ কোটি টাকা। সমস্ত পরীক্ষা আপনি বন্ধ করলেন। কীসের জন্য? কীসের জন্য? গণতন্ত্রের জন্য ?”

“গণতন্ত্রের জন্য মানুষ হত্যা করতে হয় না। গণতন্ত্রের জন্য ৭০০ গাড়ি পোড়ানোরও দরকার হয় না,” মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আপনি চেয়েছিলেন, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র করতে। আপনি রক্তের হোলি খেলা খেলেছেন।”

আওয়ামী লীগ শান্তিপূর্ণ রাজনীতি চায় উল্লেখ করে আশরাফ বলেন, “আসুন আমরা শান্তিপূর্ণ রাজনীতিকে এগিয়ে নিয়ে যাই।”

বায়তুল মোকাররমের জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও পূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও বি এম মোজাম্মেল হক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সাংসদ আবদুল মতিন খসরু ও হাজি মোহাম্মদ সেলিম, ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন,শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওছার, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও আওলাদ হোসেন এবং ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বক্তব্য রাখেন।

শেখ সেলিমের সভাপতিত্বে রাসেল স্কয়ারের সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ও সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও জাহাঙ্গীর কবীর নানক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন,দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, সাংসদ শেখ ফজলে নূর তাপস, আসলামুল হক, কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস মোল্লা ও এ বি তাজুল ইসলাম এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।