২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোহরাওয়ার্দী চায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড

ক্ষমতাসী আওয়ামী লীগ ও বিএনপির পর এবার দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষ পূর্তির দিনে সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নামে একটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2016, 07:07 PM

Updated : 12 Apr 2022, 01:08 AM

সংগঠনটি ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র সুসংহত দিবস’ অভিহিত করে সমাবেশের অনুমতি চেয়েছে।

রোববার সংগঠনের সভাপতি মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “৫ জানুয়ারি বিকেলে ‘গণতন্ত্র সুসংহত দিবস’ উপলক্ষে বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করার অনুমতি চেয়ে মহানগর পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছি।”

এছাড়াও ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব ও জাতীয় জাদুঘরের সামনে মানবতাবিরোধী অপরাধী জামায়াত ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল ও দ্রুত কার্যকরের দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালনের অনুমতিও চাওয়া হয়েছে।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) এ এস এম জাহাঙ্গীর আলম সরকার বলেন, “মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠনের নেতারা ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছে। তারা অনুমতি পাবেন কিনা তা জানিয়ে দেওয়া হবে।”

এরই মধ্যে ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছে বিএনপি। আওয়ামী লীগও একই দিন ওই স্থানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে।

মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন সময়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রের মধ্যে দিয়ে স্বাধীনতাবিরোধী চক্র দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা তৈরি করেছে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে তাদের অনুমতি দিলে তারা ওই কর্মসূচি পালন করতে পারবেন বলেও জানান মেহেদী হাসান।