আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচনের পথে খালেদা: হানিফ
বিএনপি নেত্রী খালেদা জিয়া আন্দোলনে ব্যর্থ হয়ে এখন নির্বাচনের পথে এসেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আন্দোলন করে সরকারের বিরুদ্ধে কিছু করার ক্ষমতা তাদের নেই।
“বহু আন্দোলন করে ব্যর্থ হয়ে সান্ত্বনার জন্য নির্বাচনের মাধ্যমে কিছু অর্জন করা যায় কি না সেটা খোঁজার চেষ্টা করছেন। আন্দোলনে ব্যর্থ হয়েই বেগম খালেদা জিয়া নির্বাচনের পথ বেছে নিয়েছেন।”
আগের রাতে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, আন্দোলন নয়, নির্বাচনের মাধ্যমে সরকারকে পরাস্ত করতে হবে।
পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীদের ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
খালেদা জিয়া এই আহ্বানে সাড়া পাবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা হানিফ।
তিনি বলেন, “আমার বিশ্বাস জনগণ যেভাবে তাদের আন্দোলন ব্যর্থ করেছে, তেমনিভাবে নির্বাচনে পরাজয় সুনিশ্চিত করে মনোভাব ব্যর্থ করে দেবে। বিএনপিকে ভোট দেওয়ার কোনো কারণ আছে বলে জনগণ মনে করে না। পেট্রোল বোমা, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা মানুষ দেখতে চায় না।”
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে বিকেলে এই সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে নিয়ে খালেদার বক্তব্যের সমালোচনা করেন হানিফ।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী সম্পর্কে অশালীন ভাষায় খালেদা জিয়া কথা বলেছেন। কোনো সভ্য দেশে এই ধরনের ভাষা কেবল তার মুখেই মানায়।”
রোববার রাতের ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, তিনি এখন ‘মানসিকভাবে অসুস্থ’ এবং তার জায়গা গণভবন নয়।
এই বক্তব্যের জন্য উল্টো খালেদা জিয়াকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলেছেন মাহবুব-উল-হানিফ।
তিনি বলেন, “বাংলাদেশের মানুষ মনে করেন, উনার এই বক্তব্যকে মানসিক ভারসাম্যহীন উম্মাদের প্রমাদ ছাড়া আর কিছুই নয়। দ্রুত তার চিকিৎসা করে সুস্থতা নিশ্চিত করা দরকার। আমরাও দোয়া করব- উনার সুস্থতার জন্য। কারণ একটি দলকে কেন্দ্রীয় পর্যায় থেকে নেতৃত্ব দিতে মানসিক সুস্থতা প্রয়োজন।”
সংবাদ সম্মেলনে পৌরসভা নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষমতাসীনদের প্রতি ‘খড়গহস্ত’ হওয়ার অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ।
তিনি বলেন, “আমরা গত কয়েক দিনে দেখেছি, বিভিন্ন জায়গায় নির্বাচনী আচরণবিধির ভাঙার অভিযোগে আওয়ামী লীগের প্রার্থী ও নেতাকর্মীদের বিরুদ্ধে নির্বাচন কমিশন শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন, যেটা অনেকটাই একতরফা হয়েছে।
“অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই।”
সবার প্রতি সমান আচরণ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “রাজনৈতিক দল হিসেবে বিএনপি ক্ষমতার বাইরে আছে বিধায় তাদের প্রতি সহানুভূতি নিয়ে সরকারি দলের প্রতি খড়গহস্ত চালানোর কোনো যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না।
“আমরা অনুরোধ করব- নির্বাচন কমিশন যেন সকলের প্রতি সমান আচরণ করেন।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ উপস্থিত ছিলেন।
