২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে আওয়ামী লীগের নানা কর্মসূচি

স্বাধীনতার বিরোধিতাকারী তিন যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের বছরে ভিন্ন আঙ্গিকে বিজয় দিবস উদযাপনের কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 08:25 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, দেশে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। এটা এবারের বিজয় দিবসে নতুন মাত্রা যোগ করবে।

এবারের বিজয় দিবসে স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহতের শপথ নেওয়া হবে বলেও জানান এই আওয়ামী লীগ নেতা।

গত ১১ এপ্রিল যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামান এবং গত ২২ নভেম্বর সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করে সরকার।

এদের মধ্যে মুজাহিদ একাত্তরে বাংলাদেশের বিজয়ের ঊষালগ্নে এ দেশের মেধাবী সন্তানদের হত্যার ঘটনার প্রথম যুদ্ধাপরাধী।

এর আগে ২০১৩ সালের ১২ ডিসেম্বর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মানবতাবিরোধী অপরাধ সংঘটনকারীদের অন্যতম আব্দুল কাদের মোল্লার।

বিজয় দিবস উদযাপন করতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের সঙ্গে যৌথসভা করে আওয়ামী লীগ।

সভা শেষে হানিফ বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি আর যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সেই প্রত্যয় নিয়ে সারাদেশে আওয়ামী লীগ এবং দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠন বিজয় র‌্যালি করবে।

ঢাকা মহানগরের নেতা ও সাংসদরা নিজ এলাকা থেকে র‌্যালি নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হবে জানিয়ে হানিফ বলেন, বিকাল ৪টা ২০ মিনিটে শিখা চিরন্তনে শ্রদ্ধা জানিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে গিয়ে র‌্যালি শেষ হবে।

এছাড়া সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সংগঠনের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবে আওয়ামী লীগ।

সকাল ৬টা ৩৪ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পন করবেন।

দলীয় প্রধান হিসেবেও নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেবেন শেখ হাসিনা।

এছাড়া সকাল ৮টায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি প্রাঙ্গণে বিজয় দিবসের কর্মসূচি রয়েছে আওয়ামী লীগের।

পুরনো খবর:

ফাঁসির রশিতে ঝুললেন সাকাচৌ, মুজাহিদ
ফাঁসিতে ঝুললেন কামারুজ্জামান