একুশে অগাস্ট মামলায় জবানবন্দি শেষ করলেন সুরঞ্জিত
একুশে অগাস্ট গ্রেনেড হামলা মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের বিশেষ এজলাসে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে মঙ্গলবার তার এই অবশিষ্ট সাক্ষ্য নেওয়া হয়।
এর আগে সোমবার রাষ্ট্রপক্ষের ২০৩ নম্বর সাক্ষী হিসেবে একই আদালতে জবানবন্দি দেওয়ার এক পর্যায়ে সুরঞ্জিত অসুস্থবোধ করলে বিচারক পরিদন তার অবশিষ্ট জবানবন্দি গ্রহণ ও জেরার দিন রেখেছিলেন।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জবানবন্দি শেষ করার পর সাক্ষী সুরঞ্জিতকে মামলার পলাতক আসামি সাবেক জোট সরকারের শিক্ষা উপ-মন্ত্রী আবদুস সালাম পিন্টুর আইনজীবী জেরা শুরু করেন।
আসামিপক্ষের আইনজীবীর জেরা শেষ না হওয়ার আগামী বৃহস্পতিবার সুরঞ্জিতকে আবারও জেরার মুখোমুখি হতে হবে বলে জানান তিনি।
সোমবারের জবানবন্দিতে "সমরাস্ত্র দিয়ে অস্ত্রহীন মানুষকে হত্যা করা ‘গণহত্যা’র শামিল," মন্তব্য করে সুরঞ্জিত বলেন, "আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই ২১ অগাস্টের হামলা।"
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ কারাগারে আটক মামলার আসামিদের মঙ্গলবার আদালতে হাজির করা হয়।
জামিনে থাকা আসামি খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলার তিন তদন্ত কর্মকর্তা সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলামও আদালতে উপস্থিত ছিলেন।
এ মামলায় জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদও আসামি ছিলেন। সম্প্রতি যুদ্ধাপরাধ মামলায় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় ২৪ জনের মৃত্যু হয়। আহত হন কয়েকশ নেতাকর্মী। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
