২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই ২১ অগাস্টের হামলা’

আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই রাষ্ট্রের সহযোগিতায় ২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল বলে ওই ঘটনায় দায়ের করা মামলার সাক্ষে জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 09:24 PM

Updated : 22 Aug 2022, 02:14 PM

গ্রেনেড হামলার দুই মামলায় রাষ্ট্রপক্ষের ২০৩ নম্বর সাক্ষী হিসাবে সোমবার জবানবন্দিতে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত বলেন, “সমরাস্ত্র দিয়ে অস্ত্রহীন মানুষকে হত্যা করা ছিল একটি ‘গণহত্যা’।”

রাজধানীর নাজিম উদ্দিন রোডে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে দুই মামলার কারযক্রম চলছে।

জবানবন্দির এক পর্যায়ে সুরঞ্জিত অসুস্থবোধ করলে বিচারক শাহেদ নূর উদ্দিন মঙ্গলবার তার অবশিষ্ট জবানবন্দি গ্রহণ ও জেরার দিন রাখেন বলে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আবু আবদুলল্লাহ ভূঞা জানিয়েছেন।

গ্রেনেড হামলার ঘটনার বর্ণনা দিয়ে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুরঞ্জিত তার সাক্ষ্যে বলেন, “বঙ্গবন্ধু এভিনিউয়ে অস্থায়ী মঞ্চে উপস্থিত ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, আব্দুল জলিল, আমির হোসেন আমু, মোহাম্মদ হানিফ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মতিয়া চৌধুরী, জাফরউল্যাহ, আইভি রহমান ও অন্যরা।

“তাদের বক্তৃতা শেষে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল ৫টার দিকে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে শেখ হাসিনা মঞ্চ থেকে নামার সময় একজন ফটো সাংবাদিক ছবি নেয়ার অনুমতি চান। এসময়ই আর্জেস গ্রেনেডের বিস্ফোরণ শুরু হয়।”

হামলায় তিনি নিজেও মারাত্মক আহত হয়ে জ্ঞান হারান বলে জানান সুরঞ্জিত।

তিনি জানান, জ্ঞান ফিরে পেয়ে তিনি যুবলীগ কার্যালয়ে ঢুকে সেখানে সাবের হোসেন চৌধুরীসহ কয়েকজনকে দেখতে পান। তারা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তার শরীরে গ্রেনেডের ২৬টি স্প্লিন্টার ঢোকে।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ কারাগারে আটক মামলার আসামিদের এদিন আদালতে হাজির করা হয়।

জামিনে থাকা আসামি খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলার তিন তদন্ত কর্মকর্তা সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলামও আদালতে উপস্থিত ছিলেন।

এ মামলায় জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদও আসামি ছিলেন। সম্প্রতি যুদ্ধাপরাধ মামলায় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় ২৪ জনের মৃত্যু হয়। আহত হন কয়েকশ নেতাকর্মী। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অল্পের জন্য প্রাণে বেঁচে যান।