জামায়াত নিষিদ্ধ হলে তেমন সমস্যা হবে না: নূর
বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী নিষিদ্ধ হলে ‘তেমন কোনো সমস্যা হবে না’ বলে মনে করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
সাধারণ মানুষ ‘তাদের পছন্দ করে না’ মন্তব্য করে রোববার চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি বলেন, “জামায়াত নিষিদ্ধ করলে কী হবে এবং সরকার পারবে কিনা- তা নিয়ে একটা শঙ্কা কাজ করে। দেশের কোনো ক্ষতি করবে- এমন কোনো শক্তি তাদের আছে বলে আমি মনে করি না।”
চট্টগ্রামের বই বিপণীকেন্দ্র ‘বাতিঘর’ এর দশম বর্ষপূর্তিতে বই বিক্রয় উৎসব উপলক্ষে আয়োজিত ‘আসাদুজ্জামান নূর: অভিনয় ও অন্যান্য’ শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
২০১৩ সালের ১ অগাস্ট হাই কোর্ট এক রায়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে। পরে এই রায়ের বিরুদ্ধে আবেদন করেছে জামায়াত, যা আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায়।
আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ভিয়েতনামের গেরিলা যুদ্ধে দেশের অধিকাংশ সাধারণ মানুষের সমর্থন ছিল বলেই তা সফলতা লাভ করেছে। জামায়াতের সেই পরিস্থিতি নেই।
জনগণ ‘তাদের প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে তিনি বলেন, “জামায়াত নিষিদ্ধ হলে তেমন কোনো সমস্যা হবে না। যে কোনো ধরনের ধর্মীয় বা রাজনৈতিক সন্ত্রাস হলে তাও টলারেট করা হবে না।”
একাত্তরের ভূমিকার জন্য কখনোই ক্ষমা চায়নি জামায়াত, বরং দলটির শীর্ষনেতারা স্বাধীনতার পরও বলেছিলেন, একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন রায়ে যুদ্ধাপরাধে দল হিসেবে জামায়াতের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে।
রাজনৈতিক দল হিসেবে আগামী মার্চের মধ্যে জামায়াতে ইসলামী নিষিদ্ধ হতে পারে বলে সম্প্রতি এক অনুষ্ঠানে আশা প্রকাশ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর তার ব্যক্তিগত জীবন, অভিনয় জীবন, রাজনৈতিক জীবন এবং উপলব্ধির কথা শোনান।
‘রাজনীতিতে ফেরার কারণ এরশাদ’
বাড়িতে ‘বাম রাজনীতির প্রভাব ছিল’ জানিয়ে এক সময়ের ছাত্র ইউনিয়ন নেতা নূর বলেন, সে কারণেই বাম রাজনীতির সাথে যুক্ত হই।
পরে ‘একটু মত পার্থক্য হওয়ায়’ আর করেননি জানিয়ে তিনি বলেন, “পরে চাকরিতে ঢুকলাম। এরপর আলী যাকেরের সুবাদে বিজ্ঞাপন জগতে আসি।”
রাজনীতিতে ফেরার কারণ প্রসঙ্গে আসাদুজ্জামান নূর বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলনে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পরিচয়। ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন দিলেও রাজি হইনি।”
তবে ১৯৯৮ সাল থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে নিয়মিত জানিয়ে তিনি বলেন, “২০০১ সালের নির্বাচনে প্রথম জয়ী হই। এরপর থেকে আর নির্বাচনে হারিনি।”
‘প্রধানমন্ত্রীর অনেক অর্জন ম্লান হচ্ছে’
যারা দেশের স্বাধীনতাকে স্বীকার করে না তাদের সঙ্গে ‘পেরে ওঠা কঠিন’ মন্তব্য করে আসাদুজ্জামান নূর বলেন, “আমাদের মধ্যে সকলেই যে বঙ্গবন্ধুর আর্দশের ও অসাম্প্রদায়িক চেতনার মানুষ তা দাবি করি না। আমরা সবাই যে স্বচ্ছ তাও নয়।
“আমাদের মধ্যেও অনেকে আছেন, তারা যেভাবে চলছেন সেভাবে চলা উচিত নয়। তাদের কারণে আমাদের প্রধানমন্ত্রীর যে অর্জন তা ম্লান হয়ে যাচ্ছে।”
দেশের মানুষ বিশেষ করে তরুণরা ‘হতাশ নয়’ মন্তব্য করে সংস্কৃতিমন্ত্রী বলেন, “ছায়ানটে বোমা হামলা, বইমেলায় লেখক খুন হলেও মানুষ তো আর ঘরে ঢুকে যায়নি। তরুণদের দমিয়ে রাখা যাবে না।”
‘বদলাচ্ছি, কিন্তু বোঝা যাচ্ছে না’
দেশে উন্নয়ন হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নূর বলেন, “আমরা আসলে বদলাচ্ছি, কিন্তু বোঝা যাচ্ছে না। অনেকটা বাতাসের মধ্যে থাকলে যেমন বোঝা যায় না, আমরা নিঃশ্বাস নিচ্ছি; উন্নয়নও সেরকম।
‘‘আমরা উন্নয়ন ঠিক বুঝি না। কিন্তু না হলে ঠিকই বুঝি। রাস্তা হয়ে গেলে মাথায় থাকে না। রাস্তা যখন ভাঙা থাকে তখন ঠিকই বুঝি।”
কবি ও সাংবাদিক ওমর কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে কবি শিশির দত্ত বক্তব্য রাখেন। সৈয়দ শামসুল হকের লেখা ‘নুরলদীনের সারাজীবন’ আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
