২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নিষিদ্ধ হতে পারে মার্চের মধ্যে: হানিফ

রাজনৈতিক দল হিসেবে আগামী মার্চের মধ্যে জামায়াতে ইসলামী নিষিদ্ধ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতা মাহবুব-উল-আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 07:03 PM

Updated : 22 Aug 2022, 01:58 PM

বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জামায়াতে ইসলামীর হরতাল নিয়ে প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি।

ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, “হাই কোর্ট ইতিমধ্যে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেছে। তাদের নিবন্ধন বাতিল করেছে। এটা এখন আপিল বিভাগে আছে। আইনি প্রক্রিয়া চলছে। আশা করি মার্চের মধ্যে এর সমাধান হবে।”

২০১৩ সালের ১ অগাস্ট হাই কোর্ট এক রায়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে। পরে এই রায়ের বিরুদ্ধে আবেদন করেছে জামায়াত, যা আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায়।

এর পাশাপাশি ‘যুদ্ধাপরাধী দল’ হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মাহবুব-উল-আলম হানিফ। আগামী মার্চের মধ্যে এ প্রক্রিয়া শেষ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল জামায়াত। সেই ভূমিকার জন্য কখনোই তারা ক্ষমা চায়নি, বরং দলটির শীর্ষনেতারা স্বাধীনতার পরও বলেছিলেন, একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন রায়ে যুদ্ধাপরাধে দল হিসেবে জামায়াতের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে।

২০১৩ সালে মুক্তিযুদ্ধকালীন জামায়াতের আমির গোলাম আযমের যুদ্ধাপরাধ মামলার রায়ে জামায়াতকে একটি ‘ক্রিমিনাল সংগঠন’ হিসেবে উল্লেখ করা হয়।

ওই বছর ১৯ অগাস্ট জামায়াতের ‘যুদ্ধাপরাধের’ তদন্ত আনুষ্ঠানিকভাবে শুরু করার কথা জানিয়েছিলেন ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা।

দেশের মানুষ জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করেছে দাবি করে হানিফ বলেন, “খালেদা জিয়া ও জামায়াত-শিবির অনেকবার যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল। কিন্তু তারা সফল হয়নি। দেশবাসী এই বিচার চায়-এটা বুঝতে পেরে ফাঁসির রায়ের পরও তারা নিশ্চুপ  হয়ে আছে।”

যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে বুধবার দিনাজপুরে এক ইতালীয় নাগরিকের ওপর হামলা হয়েছে বলে মন্তব্য করেন হানিফ।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীমসহ অন্যরা এ সময় হানিফের সঙ্গে ওই কার্যালয়ে ছিলেন।