অতীতের পুনরাবৃত্তি হলে পরিণতি শুভ হবে না: বিএনপি
আসন্ন পৌর নির্বাচনে নির্বাচন কমিশন ‘অতীতের মতো সরকারের তাবেদারের’ ভূমিকায় অবতীর্ণ হলে পরিণতি ‘শুভ হবে না’ বলে হুঁশিয়ার দিয়েছে বিএনপি।
শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, “আমরা জানি, এবারও নির্বাচন কমিশন তাবেদারের ভূমিকা পালন করবে। সরকারের আত্মতুষ্টির জন্য যা যা করা দরকার তারা করবে।
“তারপরও আমরা সর্তক করে দিচ্ছি, পৌর নির্বাচনে যদি নির্বাচন কমিশনের অতীত ভূমিকার পুনরাবৃত্তি হয়, যা ইতোমধ্যে শুরু হয়েছে, তাহলে সরকারের প্রতি জনগণের বিদ্বেষ ও ঘৃণা আরও বৃদ্ধি পাবে। যার ফলাফল কারও জন্য শুভ হবে না।”
আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪টি পৌরসভায় ভোট হবে।
জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে ‘আজকের গণতন্ত্র ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
খন্দকার মাহবুব বলেন, “আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারকে জানিয়ে দিতে চাইছি, আপনাদের পায়ের তলায় মাটি নেই। যতই উন্নয়নের ধোঁয়া তুলুন, তা দিয়ে শেষ রক্ষা হবে না। আমরা দেখেছি, অতীতে অনেক সামরিক সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য, জনগণকে বিভ্রান্ত করার জন্য উন্নয়নের ধোঁয়া তুলেছিলেন। কিন্তু ক্ষমতায় তারা টিকে থাকতে পারেনি।
“সরকারকে বলব, এখনও সময় আছে, পৌর নির্বাচনে দেখিয়ে দিন বাংলাদেশ একটি গণতান্ত্রিক পথে যাচ্ছে, আমরা মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করি, মানুষের মত প্রকাশে বিশ্বাস করি। এর যদি ব্যত্যয় ঘটে তার দায়-দায়িত্ব আপনাদের নিতে হবে।”
প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন, “যদি সুষ্ঠু নির্বাচন করতে না পারেন, দয়া করে সরে পড়ুন। তাতে আপনার যেমন মুখ রক্ষা হবে, দেশবাসীর কাছে আপনার ভাবমূর্তিও রক্ষা পাবে। জনগণও জানতে পারবে, সরকার অশুভ চাপের কারণে নির্বাচন কমিশন অসহায় হয়ে সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারছে না, সেই কারণেই পদত্যাগ করছেন।”
সংগঠনের সভাপতি মো. লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, যুব বিষয়ক সম্পাদক সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।
