বঙ্গবন্ধুর সমাধি ঢাকায় আনার প্রস্তাব জাফরুল্লাহর
জিয়াউর রহমানের কবর সংসদ এলাকা থেকে সরানো নিয়ে আলোচনার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি টুঙ্গীপাড়া থেকে ঢাকায় আনার প্রস্তাব তুলেছেন বিএনপি-ঘনিষ্ঠ পেশাজীবী নেতা জাফরুল্লাহ চৌধুরী।
বুধবার ঢাকায় এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্যে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সমালোচনার এক পর্যায়ে বলেন, “প্যারিসে দেড়শত লোক মারা যাওয়ার পর আটজনকে গ্রেপ্তার করে আবার পাঁচজনকে ছেড়ে দিয়েছে। অথচ বাংলাদেশে একজন মারা গেলে কত কিছু হয়!
“তার (শেখ হাসিনার) যে কাহিনী, শেখ মুজিবুর কি তা শুনতে পায়? উনি তো এমন ছিলেন না। মুজিবরের মতো একজন মহানুভব নেতা থাকলে আজ বাংলাদেশের রূপ পাল্টে যেত।”
জাতির জনকের প্রশংসা করার পর তিনি বলেন, “উনি (বঙ্গবন্ধু) শুনতে পান না, কারণ উনি যে জায়গায় শুয়ে আছেন জায়গাটা অনেক দূরে হয়ে গেছে। মুজিবরের কবর ঢাকায় আনা দরকার। সম্ভব হলে জিয়ার কবরের পাশে। তা না হলে সংসদ ভবনের সামনে। তা হলে অন্তত জনগণের আর্তনাদ কিছুটা তার কানে পৌঁছাবে।”
রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পর তাকে শেরেবাংলা নগরে সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যানে সমাধিস্ত করা হয়।
সংসদ ভবন এলাকায় আরও কবর রয়েছে এবং এসব লুই আই কানের মূল নকশায় ছিল না জানিয়ে একদিন আগেই গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেছিলেন, সরকার মূল নকশা অনুযায়ী এই স্থাপনা রক্ষা করবে।
আওয়ামী লীগ সরকার জিয়ার কবর সরাতে চায় অভিযোগ করে সেই পরিকল্পনা থেকে সরে আসতে কয়েকদিন আগে বিএনপি সরকারকে হুঁশিয়ার করে।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ রাজধানীর তোপখানা রোডের শিশু মিলনায়তনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন। এর আয়োজক ছিল মওলানা ভাসানী আন্দোলন।
জাফরুল্লাহ বলেন, “যেই লোকটা বাংলাদেশের স্বাধীনতা এনেছেন। তার নাম ক্লাস এইটের বই থেকে মুছে ফেলা হয়েছে। বাংলাদেশে যাতে শুধু একটা মাত্র মানুষের নাম উচ্চারিত। আর কারো নাম-টাম থাকার প্রয়োজন নেই। অথচ যিনি যুদ্ধের সময় এই দেশেই ছিলেন না, তার নাম বড় করে লেখা হয়েছে।”
মাহমুদুর রহমান মান্নার জামিন না হওয়ায় আদালতের সমালোচনাও করেন জাফরুল্লাহ, যাকে ‘রং হেডেড’ বলেছিল যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।
“মাহমুদুর রহমান মান্নার মতো একজন রাজনীতিবিদের জামিন দিচ্ছে না হাই কোর্ট। আসলে হাই কোর্টের বিবেক ঘুমিয়ে আছে।”
