২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রদ্রোহের মামলায় খোকার বিরুদ্ধে পরোয়ানা

রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 09:11 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

সোমবার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন সূত্রাপুর থানার ওই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পরোয়ানা জারি করেন।

এ আদালতের পেশকার ফয়েজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ১৪ অক্টোবর রাজধানীর ভাসানী মিলনায়তনে দশম জাতীয় সংসদ নির্বাচন ঠেকানোর উদ্দেশ্যে আয়োজিত এক সভায় বিএনপি নেতা খোকা নেতাকর্মীদের দা, কুড়াল, খুন্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

তার ওই বক্তব্যের পর রাজধানীর পল্টন থানায় পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা হয়। পরে তদন্ত করে গত বছরের ৭ ডিসেম্বর রাষ্ট্রদ্রোহের মামলা করেন এসআই খায়রুল মো. শহীদুল্লাহ প্রধান।

সোমবার অভিযোগপত্র আমলে নিতে শুনানির দিন ধার্য ছিল মহানগর দায়রা জজ আদালতে।

গত বছরের ৮ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার পুলিশ পরিদর্শক তোফায়েল আহমেদ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামালার অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে রাষ্ট্রপক্ষে সাক্ষী আছেন ২৪ জন।

খোকার বিরুদ্ধে ২০১০ সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা হলেও মামলাটি আদালত পরে আমলে নেয়নি।

এদিকে গত ২০ অক্টোবর সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় খোকাকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালত।

তিনি অবৈধভাবে ১০ কোটি ৫ লাখ ২১ হাজার ৮৩২ টাকার সম্পদের মালিক হয়েছেন ঘোষণা করে, ওই সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে রায়ে।

পুরনো খবর:

খোকার ১৩ বছর কারাদণ্ড, ‘অবৈধ সম্পদ’ বাজেয়াপ্তের নির্দেশ