মানুষ আতঙ্কে: বিএনপি
দুই বিদেশি, প্রকাশক খুনের পর এবার পুলিশ হত্যাকাণ্ডে উদ্বেগ জানিয়ে বিএনপি বলেছে, বাংলাদেশের মানুষ এখন আতঙ্কে রয়েছে।
আশুলিয়ায় এক পুলিশ হত্যাকাণ্ডের পর বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন একথা বলেন।
আশুলিয়ায় তল্লাশি চৌকিতে এক পুলিশ কনস্টেবলকে খুনের আগে গত মাসে রাজধানীর গাবতলীতে আরেকটি তল্লাশি চৌকিতে হত্যাকাণ্ডের শিকার হন এক এএসআই।
এর আগে দুই বিদেশি খুন হন। হামলা হয় দুটি প্রকাশনা অনুষ্ঠানে, যাতে একজন প্রকাশক নিহত হন।
রিপন বলেন, “আমরা দেশে বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছি, করছি।
“দুজন বিদেশি নাগরিক হত্যাকাণ্ড, একজন প্রকাশকের হত্যাকাণ্ড এবং আরও তিনজন প্রকাশকের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনার মধ্যে দুজন পুলিশ সদস্য হত্যাকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এসব হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দেওয়া না হলে ‘বিচারহীনতার সংস্কৃতিতে’ মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়বে বলে সরকারের উদ্দেশে বলেন বিএনপি নেতা।
এই পরিস্থিতি থেকে উত্তরণে জাতীয় সংলাপে বসার জন্য সরকারের প্রতি আবারও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।
“তারা যে বিনাভোটে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতাকে প্রলম্বিত করতে চাচ্ছেন- এই ধারণা থেকে তাদের বের হয়ে আসার দরকার।”
জাতিকে উদ্বেগ-উৎকণ্ঠা থেকে মুক্তি দিতে সরকার সবাইকে নিয়ে উদ্যোগ নিলে তাতে সহায়তা করার জন্য বিএনপি প্রস্তুত বলে জানান রিপন।
দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে কারাগারে পাঠানোর ঘটনাটিকে সরকারের ‘দমন নীতি’র অংশ দাবি করে তার নিন্দাও জানান বিএনপি নেতা।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবারের জন্য তার ভাই আহমেদ কামালের মিলাদ আয়োজন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন রিপন।
তিনি বলেন, “পত্রিকায় দেখলাম জনাব আহমেদ কামাল সাহেব এধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। তিনি তার ভ্রাতা, আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার পরিবারবর্গের জন্য দোয়া চাইতে পারেন। এটাতে দোষের কিছু আমরা দেখি না।
“আমরা প্রতিনিয়ত আমাদের পার্টির কর্মসূচিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে থাকি। সুতরাং যে কোনো জায়গা থেকে আমাদের নেতা ও তার পরিবারবর্গের জন্য, দেশের মানুষের জন্য, সকল মুসলমানের জন্য দোয়া হবে, আমরা এটা প্রত্যাশা করি।”
নয়া পল্টনে সংবাদ সম্মেলনে রিপনের পাশে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, সাখাওয়াত হোসেন জীবন, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, মোস্তাফিজুর রহমান বাবুল, শিরিন সুলতানা, তকদিন হোসেন জসিম, রফিক শিকদার, ফরিদা ইয়াসমীন।
