২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঐক্যবদ্ধ আন্দোলন গুলশানে গেল কেন’

সরকারের বিরুদ্ধে আন্দোলনের সামর্থ্য না থাকলে কর্মসূচি দেওয়া থেকে বিরত থাকতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 06:12 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

সোমবার দুপুরে ২০ দলীয় জোটের অন্যতম শরিক এলডিপির কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রেদোয়ান আহমেদ বলেন, “যে আন্দোলনে আমরা সারা দেশকে ঐক্যবদ্ধ করেছিলাম, কিন্তু কীভাবে কার পরামর্শে এটা গুলশানে চলে এল, তা আমরা উপলব্ধি করি নাই।”

অনুষ্ঠানে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে উদ্দেশ করে বক্তৃতায় তিনি বলেন, “পরবর্তী আন্দোলনের যে সিদ্ধান্ত হবে, এই সরকার পতনের আগে আমরা রাজপথ-রেলপথ ঘেরাওয়ের অবস্থা যদি সৃষ্টি না করতে পারি, তাহলে আন্দোলনে ডাক দিতে দেশনেত্রীকে না করে দেবেন। আমরাও সুখে থাকি, আপনারাও সুখে থাকেন।”

রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির চতুর্থ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

এতে সারাদেশ থেকে দেড় সহাস্রাধিক কাউন্সিলর যোগ দেন।

অনুষ্ঠানের শুরুতে এলডিপির চেয়ারম্যান অলি আহমদ কাউন্সিল অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধনী ঘোষণা করেন।

পরে বিএনপি নেতা নজরুল ইসলাম খান সরকারের প্রতি ‘ভোটের অধিকার’ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের দাবি জনগণকে ভোট দেওয়ার অধিকার দেওয়া হউক। জনগণকে মত প্রকাশের গণতান্ত্রিক অধিকার দেওয়া হউক। তারা ভোট দিয়ে যদি আপনাদের নির্বাচিত করেন, তাহলে আপনারা ক্ষমতায় থাকবেন।”

“আর যদি জনগণ আপনাদের ভোট না দেয়, আপনারা নির্বাচিত হতে না পারেন, তাহলে ক্ষমতা আঁকড়ে রাখার কোনো অধিকার নেই।”

মামলা-গ্রেপ্তারের ‘ভয় দেখিয়ে’ আন্দোলন দমানো যাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

নজরুল বলেন, “জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে পুলিশ আমাদের গণতান্ত্রিক পথযাত্রাকে রুদ্ধ করতে চায়। গণতান্ত্রিক কর্মী হিসেবে আমরা গুলি খাই। অসংখ্য কর্মী-নেতা আমাদের মারা গেছে। আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি। ২০ দলীয় জোটের অনেক নেতা-কর্মী নিহত হয়েছে, আহত হয়েছে। মিথ্যা মামলায় কারাবন্দি হয়েছে, পঙ্গু হয়েছেন।

“ক্ষমতাসীন সরকার কী মনে করে, এরকম নিপীড়ন-নির্যাতন করে আন্দোলনকে বন্ধ করা যাবে? যাবে না। কখনো যায়নি।”

অলি আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য আবদুল করীম আব্বাসী, মামদুদুর রহমান, আবু ইউসুফ মো. খলিলুর রহমান, অধ্যাপক মুহাম্মদ আবদুল্লাহ, আবদুল গনি প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম।