২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি জোটে মতবিরোধ, ভোটে যাবে এলডিপি

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনকে বিএনপি ‘নতুন ষড়যন্ত্র’ বললেও তাদের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) জোটের বাইরে এসে দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 01:04 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

সোমবার এলডিপির নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্থ কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী পর্বে দলের চেয়ারম্যান অলি আহমদ বলেন, ‘‘স্থানীয় সরকার নির্বাচনগুলো জোটগতভাবে করা সম্ভব নয়। আমাদের পার্টি আগামী দিনে আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে।”

এ ব্যাপারে দলের নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় উদ্যোগ নেওয়ার তাগিদ দেন এক সময়ের এই বিএনপি নেতা।

সরকার দলীয় প্রতীক ও মনোনয়নে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়ার পর এই প্রথম ২০ দলীয় জোটের কোনো শরিক তাতে সায় দিল।

এ জোটের নেতৃত্বে থাকা বিএনপি সরকারের ওই উদ্যোগের সমালোচনায় বলেছে, এটি ‘জাতীয় নির্বাচনকে পাশ কাটানোর জন্য সরকারের একটি নীল নকশা’।

দশম সংসদ নির্বাচন বর্জন করলেও গত সাত বছরে উপজেলা, পৌরসভা এবং সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী সমর্থনের ক্ষেত্রে জোটগতভাবেই সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও শরিকরা। জোটের সমর্থন পাওয়া প্রার্থীর প্রচারে শরিক দলের নেতাকর্মীদেরও দেখা গেছে। 

এবার এলডিপির ভিন্নমত নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে কোনো মন্তব্য করতে রাজি হননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বেগম জিয়া দেশে ফিরলে সার্বিক পরিস্থিতিতে কী করনীয় সেই সিদ্ধান্ত হবে। তার আগে আমাদের কিছু বলার নেই।”

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এলডিপির কাউন্সিল অধিবেশনে অলি আহমদ তার বক্তব্যে সরকারের সমালোচনা করে বলেন, “সর্বত্র চলছে দলীয়করণ ও প্রশাসনকে বির্তকিকরণ। একে অপরকে ঘায়েল করতেই ব্যস্ত। রাজনীতি ও রাজনৈতিক নেতাদেরকে বির্তকিত করা হচ্ছে এবং পরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে। এভাবে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।”

দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দাবি করে তিনি বলেন, “লোভ-লালসা পরিহার করে নিজ স্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে, জনগণকে আস্থায় নিয়ে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সন্ত্রাসীদের দ্বারা নিয়ন্ত্রিত নির্বাচন নয়।”

দেশের স্বার্থে সংবিধানের আমূল সংস্কার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার সময় এসেছে বলেও মন্তব্য করেন অলি আহমদ।

সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ারও আহবানও জানান অলি।

সারাদেশ থেকে দেড় সহাস্রাধিক কাউন্সিলরের অংশগ্রহণে অধিবেশনের শুরুতে মহাসচিব রেদোয়ান আহমেদ দলের প্রতিবেদন পেশ করেন।

অলি আহমদের সভাপতিত্বে অন্যদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য আবদুল করীম আব্বাসী, আবু ইউসুফ মো. খলিলুর রহমান, অধ্যাপক মুহাম্মদ আবদুল্লাহ, আবদুল গনি বক্তব্য দেন।

পুরনো খবর:

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নতুন ষড়যন্ত্র: বিএনপি
দলীয়ভাবে স্থানীয় নির্বাচনে মন্ত্রিসভার সায়