২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যর্থতা আড়াল করতে বিরোধীদের গ্রেপ্তার: ফখরুল

সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 11:24 PM

Updated : 22 Aug 2022, 01:36 PM

দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ দেওয়ান সালাহউদ্দিন বাবু ও সাভার পৌর সভাপতি রেফাতউল্লাহর গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে রোববার এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন।

ফখরুল বলেন, “আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ঢাকতে এবং জনগণের দৃষ্টি ভিন্নখাতে নেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। তারই অংশ হিসেবে আজ দেওয়ান সালাহউদ্দিন বাবু ও রেফাত উল্লাহকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেপ্তার করা হয়েছে।”

বিএনপি নেতা সাভারের সাবেক সাংসদ দেওয়ান মো. সালাহউদ্দিন বাবু ও পৌর মেয়র রেফাত উল্লাহকে নাশকতার মামলায় রোববার ভোরে গ্রেপ্তার করে পুলিশ। বাবুকে রাজধানীর পরীবাগের একটি বাসা থেকে এবং রেফাত উল্লাহকে সাভার পৌর এলাকার কর্ণপাড়ায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত বিবৃতিতে ফখরুল বলেন, “মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করার এই উদ্দেশ্য একটাই-জনবিচ্ছিন্ন শাসকগোষ্ঠীর হিংস্রাশ্রয়ী রাজনীতি ও নেতা-কর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না হওয়ার জন্য গ্রেপ্তার করে ভীতি সৃষ্টিই এর একমাত্র লক্ষ্য।

“একদলীয় শাসনকে পাকাপোক্ত করার জন্য সরকার নানামুখী অপকৌশল এঁটে যাচ্ছে। সেই অপকৌশলের অংশ হিসেবে বিএনপির পুনর্গঠন প্রক্রিয়াকে বাঁধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় দেওয়ান সালাহউদ্দিন ও রেফাত উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।”

অবিলম্বে সালাহউদ্দিন ও রেফাতউল্লাহকে মুক্তি দাবি করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল।

“আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথভাবে কাজে না লাগিয়ে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার কারণেই বর্তমানে আইনশৃঙ্খলার ভয়াবহ অবনতি ঘটেছে,” বলেন তিনি।