২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মীয় সহনশীলতার অভাবে হামলা: মেনন

পুরান ঢাকার ইমামবাড়ায় শিয়াদের তাজিয়া মিছিলে বোমা হামলা ও মৃত্যুর ঘটনায় ধর্মীয় সহনশীলতার অভাবকে দায়ী করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 07:41 PM

Updated : 22 Aug 2022, 01:36 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শনিবার সকালে রাজধানীতে পর্যটন সাংবাদিকদের এক কর্মশালার উদ্ধোধনী বক্তব্যে তিনি বলেন, “আমাদের ধর্মীয় অসহিষ্ণুতা কোন দিকে যাচ্ছে? এখানে শিয়া সম্প্রদায়ের ছোট একটি জনগোষ্ঠী রয়েছে, আমরা এখন তাদেরও সহ্য করতে পারছি না।”

“ছোট থেকে দেখে আসছি, মহরমের দিন তাজিয়া মিছিল বের হয়। কোনো দিন তাদের উপরে হামলা হয়নি। আমরা কোন দিকে যাচ্ছি?”

দুই বিদেশি হত্যাকাণ্ডের পর দুর্গাপূজা ও আশুরা উপলক্ষে কড়া নিরাপত্তার মধ্যে শিয়া সম্প্রদায়ের কর্মসূচিতে বোমা হামলার ঘটনা ঘটে শুক্রবার গভীর রাতে।

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে হোসাইনী দালান ইমামবাড়ায় শিয়াদের সমাবেশে এই বোমা হামলায় এক কিশোর নিহত হন। আহত হন অন্তত ৭৫ জন।

পাকিস্তানসহ মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে শিয়া সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটলেও এই ধরনের হামলা বাংলাদেশে আগে দেখা যায়নি।

হামলার পর শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাংলাদেশে এই ধরনের বিরোধ লালন করা হয় না।

‘ভিজিট বাংলাদেশ-২০১৬’ প্রচারণা নিয়ে রাজধানীর সিরডাপ মিলনায়তনে পর্যটন সাংবাদিকদের জন্য ওই কর্মশালা হয়।

পর্যটন সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম (এটিজেএফবি) ও পর্যটনের ক্রাউডসোর্স ভিত্তিক প্ল্যাটফর্ম ‘অফরোড বাংলাদেশ’ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আকতারুজ্জামান খান কবীর, এটিজেএফবি সভাপতি নাদিরা কিরণ ও সাধারন সম্পাদক তানজিম আনোয়ারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বেঙ্গল ট্যুরসের প্রধান নির্বাহী মাসুদ হোসেন এবং অফরোড বাংলাদেশের প্রধান নির্বাহী ফেরদৌস মুত্তাকিন প্রবন্ধ উপস্থাপন করেন।