কাদের সিদ্দিকীর প্রার্থিতা এখনও ঝুঁকিমুক্ত নয়
হাই কোর্টের নির্দেশ মেনে টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচনে আবদুল কাদের সিদ্দিকীকে প্রতীক বরাদ্দ দিলেও আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে নির্বাচন কমিশন।
আগামী ১০ নভেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচনে কাদের সিদ্দিকীর প্রার্থিতা্ ইসি খেলাপি ঋণের কারণে বাতিল করলেও হাই কোর্টের আদেশে বৃহস্পতিবার সব প্রার্থীদের সঙ্গে তাকেও দলীয় প্রতীক গামছা বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা।
এদিনই ইসির প্যানেল আইনজীবী মোহাম্মদ ইয়াসিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাই কোর্টের ২০ অক্টোবরের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছেন তারা।
তিনি বলেন, “হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। রোববার-মঙ্গলবার নাগাদ আপিল বিভাগে এ সংক্রান্ত আবেদন করার প্রস্তুতি চলছে।”
নির্বাচন কমিশন
“আপিল বিভাগ হাই কোর্ট বিভাগের আদেশ স্থগিত করলে কাদের সিদ্দিকীর প্রতীক বরাদ্দের সিদ্ধান্তও বাতিল হবে,” বলেন ইসির আইনজীবী।
ভাই আবদুল লতিফ সিদ্দিকীর আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে যাওয়া কাদের সিদ্দিকী বলে আসছেন, তার মনোনয়নপত্র বাতিলের পেছনে ষড়যন্ত্র রয়েছে।
কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ঋণ খেলাপি বলে ইসি জানায়।
গত ১৩ অক্টোবর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে তা ১৮ অক্টোবর খারিজ হয়। এরপর তিনি হাই কোর্টে যান।
হাই কোর্টের আদেশের পরপরই আপিল করার কথা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছিলেন।
তিনি সেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার (কাদের সিদ্দিকী) বাড়ি-ঘর নিলাম হয়ে যাবে, তাই ঋণ পরিশোধ করতে সুদ মওকুফ করে সময় দেওয়া হয়েছে। কিন্তু সিএভি রিপোর্টে তাকে কখনই ডিক্ল্যাসিফাই (অশ্রেণিভুক্ত) করা হয়নি।
“এটা তো আইনগত প্রশ্ন-তাকে তো ডিক্ল্যাসিফাই করা হয়নি। তাই হাই কোর্টের আদেশের বিরুদ্ধে (সিএমপি) আবেদন করা হবে।”
