ইসিতে আপিলেও টিকল না কাদের সিদ্দিকীর প্রার্থিতা
নির্বাচন কমিশনে আপিল করেও টাঙ্গাইল উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ছাড়পত্র পাননি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকী, যাদের মনোনয়নপত্র খেলাপি ঋণের কারণে বাতিল হয়ে গেছে।
এর ফলে বড় ভাই লতিফ সিদ্দিকীর ছেড়ে দেওয়া এই আসনে নির্বাচন করার আশা পূরণ হচ্ছে না কাদের সিদ্দিকীর। তবে তার আইনজীবী এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন।
প্রার্থিতা বাতিলের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন কাদের ও নাসরিন। রোববার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ ও চার নির্বাচন কমিশনারের উপস্থিতিতে শুনানি শেষে তা নাকচ করে দেওয়া হয়।
রায়ের বিষয়টি জানিয়ে বিকালে নির্বাচন কমিশনের আইন শাখার উপ সচিব মহসিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল আবেদন খারিজ হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তই বহাল রয়েছে।”
অন্যদিকে সিদ্দিকী দম্পতির আইনজীবী রফিকুল ইসলাম বলেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন।
হজ নিয়ে মন্তব্যের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় টাঙ্গাইল-৪ আসনের এই উপ-নির্বাচন হচ্ছে। এ ভোটে প্রার্থী হতে কাদের সিদ্দিকী ও তার দলের আরও তিনজনসহ মোট দশজন মনোনয়নপত্র জমা দেন।
এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান গত ১৩ অগাস্ট বাছাই শেষে কাদের ও তার স্ত্রীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
শুক্রবার এ বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করেন কাদের সিদ্দিকী ও নাসরিন সিদ্দিকী। রোববার তাদের উপস্থিতিতেই শুনানি হয়।
শুনানি শেষে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘‘ইসি যে স্বাধীন, আজকের রায়ের মাধ্যমে তা প্রমাণের সুযোগ রয়েছে। ইসির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, এখনও সুযোগ রয়েছে- ইমেজ পুনরুদ্ধারের।”
তিনি দাবি করেন, তারা ঋণখেলাপী নন; রিটার্নিং কর্মকর্তা ‘দক্ষতার অভাবে’ মনোনয়নপত্র বাতিল করেছেন।
“আশা করি নির্বাচন কমিশনের কাছে আমরা সুবিচার পাব। ইসির রায় দেখে তারপর উচ্চ আদালতে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেব। দেখা যাক, আগে রায় টা আসুক।”
মনোনয়নের পক্ষে যথাযথ প্রমাণপত্র না থাকায় জাতীয় পার্টির সৈয়দ মুশতাক হোসেন রতন ও ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলীমের মনোনয়নপত্রও বাতিল হয়। তবে তারা ইসিতে আপিল করেননি।
ফলে আওয়ামী লীগ মনোনীত হাসান ইমাম খান সোহেল হাজারীসহ মোট ছয়জন ‘বৈধ’ প্রার্থী রয়েছেন এ নির্বাচনে।
আগামী ২১ অক্টোবরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় রয়েছে। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ২২ অক্টোবর প্রতীক বরাদ্দের পর শুরু হবে প্রচারণা; ভোটগ্রহণ হবে আগামী ১০ নভেম্বর।
