২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে চিকিৎসক দেখিয়ে ফিরেছেন ফখরুল

সিঙ্গাপুরে চিকিৎসককে দেখিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 01:14 AM

Updated : 22 Aug 2022, 01:36 PM

জামিনে মুক্তি নিয়ে এক দফায় ঘুরে আসার পর চিকিৎসার জন্য গত ১৭ অক্টোবর সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার প্রথম প্রহরে ফখরুল বিমানের একটি নিয়মিত ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দরে নামেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম।

যান্ত্রিক ত্রুটির কারণে সাড়ে ৬ ঘণ্টা দেরিতে এই ফ্লাইটটি ঢাকা পৌঁছায়।

সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ফখরুলের পরীক্ষা-নিরীক্ষা হয়।

মস্তিষ্কের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ায় তার চিকিৎসা নিতে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসকদের দেখিয়ে কোরবানির ঈদের আগে গত ২১ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন ফখরুল।

দুটি ব্লক থাকলেও রক্ত সঞ্চালন মোটামুটি অব্যাহত থাকায় এবং ধকল সামলানোর মতো শারীরিক অবস্থা না থাকায় অস্ত্রোপচার না করার পক্ষে মত দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা।

বছরের শুরুতে গ্রেপ্তার হয়ে নাশকতার কয়েকটি মামলায় প্রায় সাত মাস কারাগারে ছিলেন বিএনপির মুখপাত্র। অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে সর্বোচ্চ আদালত জামিন দিলে গত জুলাই মাসে ছাড়া পান তিনি।

এরপর ২৭ জুলাই তিনি সিঙ্গাপুরে যান, সেখান থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। পরে সিঙ্গাপুর হয়ে দেশে ফেরেন তিনি।

ফখরুলের বিরুদ্ধে যে সব মামলা হয়েছে, তা রাজনৈতিক হয়রানিমূলক বলে বিএনপির দাবি।