২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার খালেদা-তারেক ফোবিয়ায় আক্রান্ত: নজরুল

সরকার ‘খালেদা ও তারেক ফোবিয়া’য় আক্রান্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 05:58 PM

Updated : 26 Jul 2022, 12:06 PM

শনিবার বিকালে এক দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

নজরুল বলেন, “দেশে যে কোনো ঘটনাই ঘটুক, তার জন্য দায়ী খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি। আজকে  দেশে যদি ভূমিকম্প হয়, সেটার জন্যও তাদের দায়ী করা হবে।”

“তাদের (সরকার) খালেদা ফোবিয়া বা তারেক ফোবিয়া হয়ে গেছে। সব কিছুতে তাদের দেখেন।”

একটি পত্রিকায় আসা খবর উদ্ধৃত করে তিনি বলেন, “আজকে পত্রিকায় দেখলাম সোহেলের (স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল) বিরুদ্ধে একটা অভিযোগ নিয়ে আসছে যে, গুলশানে বিদেশি হত্যায় নাকী তার ইন্ধন ছিল। আবার তারেক রহমানকে জড়িত করেছে। অর্থ্যাৎ গরুকে নদীতে নিতে হবে আর কী। সেটার জন্য লন্ডন কানেকশন।”

সরকারকে এ ধরনের ‘উদ্ভট কাল্পনিক চিন্তা’ থেকে বিরত থাকারও আহ্বান জানান এই বিএনপি নেতা।

‘লন্ডন ষড়যন্ত্র’ সম্পর্কে সরকারের অভিযোগ নিয়ে নজরুল ইসলাম খান বলেন, “সরকার প্রধান ও মন্ত্রীরা এমন সব ভাষায় কথা বলছেন, যেখানে সভ্যতা, ভদ্রতার লেশমাত্র নাই। আজকে এক মন্ত্রী বলেছেন, তারেক রহমানের বাসায় তিনি (খালেদা জিয়া) উঠেছেন। সেই বাসাকে চিহ্নিত করা হয়েছে কাশিমবাজারের কুঠির বলে। যারা ইতিহাস পড়েছেন, তারা জানেন ওই কুঠিরে ষড়যন্ত্র হয়েছিল।”

“মা তার ছেলের বাসায় উঠবেন। সেখানে থেকে চোখ বা পায়ের চিকিৎসা করাবেন। এর মধ্যে যারা ষড়যন্ত্রের সন্ধান পায়, সম্ভবত তাদেরও চিকিৎসা করা দরকার।”

নয়া পল্টনে দলের কেন্দ্রী কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গত ১৬ সেপ্টেম্বর চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যান খালেদা।

‘সরকারের অপশাসনে’ ভূমিহীন ও বেকারের সংখ্যা বাড়ছে অভিযোগ করে নজরুল বলেন, “জিনিসপত্রের দাম এতই বাড়ছে যে মানুষের বজেটে কুলাচ্ছে না। শুধু যারা চাঁদাবাজি করে, যারা সন্ত্রাস করে, যারা ঘুষখোর, তারা ছাড়া আর কেউ ভালো নেই। এমনকি সৎ ব্যবসায়ীরাও আনন্দে নেই। এ অবস্থা থেকে জাতিকে মুক্তি দিন।”

পরে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সহসভাপতি নার্গিস আলী, নুর জাহান ইয়াসমীন, লায়লা বেগম, কেন্দ্রীয় নেতা বিলকিস জাহান শিরিন, বিলকিস ইসলাম, ফরিদা ইয়াসমীন প্রমুখ উপস্থিত ছিলেন।