২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোশাররফের অর্থপাচার মামলার অভিযোগ গঠনের শুনানি ৪ অক্টোবর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অর্থপাচার মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ৪ অক্টোবর দিন ধার্য করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 07:53 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

মঙ্গলবার রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষে ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান এ দিন ঠিক করে দেন।

আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া অভিযোগ গঠন শুনানির জন্য সময়ের আবেদন করেন।আবেদনে তিনি মূল আইনজীবী বোরহানউদ্দিনের হজ পালনে দেশের বাইরে থাকায় বিষয়টি আদালতকে জানান।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদালতের পেশকার রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে মামলাটির বিচার শেষ করতে তিন মাস সময় বেঁধে দিয়েছিল আপিল বিভাগ।

মোশাররফকে মঙ্গলবার কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে কারাগারে ফেরত পাঠানো হয়।

মামলার এজাহারে বলা হয়, খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রী থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা পাচার করে আইনপরিপন্থি কাজ করেছেন।

যুক্তরাজ্যের লয়েড টিএসবি অফসোর প্রাইভেট ব্যাংকে তিনি ও তার স্ত্রী বিলকিস আক্তার যৌথ অ্যাকাউন্টে আট লাখ চার হাজার ১৪২.৪৩ ব্রিটিশ পাউন্ড (হিসাব নম্বর-১০৮৪৯২) জমা করেন, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় নয় কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা।

খন্দকার মোশাররফ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা অবস্থায় ওই টাকা পাচার করেন বলে দুদকের দাবি।

২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন। ২০১৪ সালের ১৪ অগাস্ট মামলার অভিযোগপত্র দেয় দুদক।